বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় গায়িকা অলকা ইয়াগনিক। বাংলা গানের কারণে এদেশের শ্রোতাদের কাছেও তিনি প্রিয় নাম। বরেণ্য এ তারকা বিরল এক রোগে আক্রান্ত হয়েছেন। সোমবার (১৭ জুন) ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে অলকা ইয়াগনিক জানান বিরল ভাইরাস আক্রমণ করেছে তার শরীরে। যার কারণে তার স্নায়ু শ্রবণশক্তি হ্রাস পেয়েছে।
লিখেছেন, ‘আমার সব ভক্ত, বন্ধু, অনুরাগী এবং শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে বলছি, কয়েক সপ্তাহ আগে, আমি যখন একটি ফ্লাইট থেকে নামছিলাম, তখন হঠাৎ অনুভব করলাম- আমি কিছুই শুনতে পাচ্ছি না। এই পর্বের কয়েক সপ্তাহ পর, আমি এখন আমার সমস্ত বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের জন্য এই পোস্ট। যারা জানতে চায় কেন আমি অ্য়াকশনে অনুপস্থিত।’
নিজের শরীরের আরও আপডেট দিয়ে অলকা লেখেন, ‘ভাইরাস আক্রমণের কারণে এটি একটি বিরল সংবেদনশীল স্নায়ুর সমস্যা। যার কারণে শ্রবণশক্তি হ্রাস পেয়েছে। এই আকস্মিক, বড় ধাক্কা আমার অজান্তেই শরীরে গ্রাস করেছে। আমি এটির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। দয়া করে আপনারা আমার জন্য প্রার্থনা করবেন।’
অলকা তার এই পোস্টে জোরে মিউজিক শোনা ও হেডফোনে খুব উচ্চ আওয়াজ রাখা থেকেও বিরত করেন নিজের অনুরাগীদের। লেখেন, ‘আমার অনুরাগী ও তরুণ সহকর্মীদের জন্য, আমি খুব জোরে মিউজিক ও হেডফোনের শোনাকে নিরুৎসাহিত করব।’
অলকা ইয়াগনিকের এই পোস্ট হতবাক করেছে তাঁর সহকর্মী ও অনুগামীদের। সোনু নিগম লিখেছেন, ‘আমার মনেই হয়েছিল সব ঠিক নেই। ফিরেই তোমার সঙ্গে দেখা করব। দ্রুত সেরে ওঠো।’
৫৪ বছর বয়সী অলকার সবশেষ গান গেয়েছেন বলিউডের ‘ক্রু’ এবং ‘অমর সিং চামকিলা’ ছবিতে।
সূত্র: হিন্দস্তান টাইমস




