ইপসিতা জাহান সুমা,চুয়েট প্রতিনিধি: পাঠ্যপুস্তকের পাশাপাশি শ্রেণিকক্ষে পাঠের বাস্তব অভিজ্ঞতা নিতে এবং প্রায়োগিক জ্ঞান অর্জনের নিমিত্তে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর যন্ত্রকৌশল বিভাগের আয়োজনে গতকাল রবিবার (২৬ মে) এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড পরিদর্শন করেন।
ইন্ডাস্ট্রিয়াল ভিজিটে যন্ত্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের (২০ব্যাচ) প্রায় ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তিন ধাপে ১৮০ জনের ভিজিট সম্পন্ন হবে। ইন্ডাস্ট্রিয়াল ভিজিটে শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদানের জন্য তাদের সাথে ছিলেন যন্ত্রকৌশল বিভাগের প্রভাষক রিদয় মাসুম মিরাজ এবং যন্ত্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক রাধেশ্যাম নাথ যিশু।
ভিজিটে শিক্ষার্থীরা শিল্পকারখানা পরিচালনা,রক্ষণাবেক্ষণ,মান নিয়ন্ত্রণ,বায়ু ও পানি দূষণ প্রতিরোধের,বর্জ্য ব্যবস্থাপনাসহ নানান বিষয়ে জানতে পারেন।
চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাজেশ লালা বলেন,একজন ইঞ্জিনিয়ারিং স্নাতক ছাত্র হিসেবে আমি মনে করি আমাদের পড়াশোনার পাশাপাশি এই রকম ইন্ডাস্ট্রিগুলো ঘুরে দেখলে আমরা বুঝতে পারবো আমাদের পড়াশোনাটা বাস্তব জীবনে কোথায় এবং কিভাবে কাজে লাগবে। একবিংশ শতাব্দীতে এসে আমরা যদি খালি বইপোকা হয়ে থাকি তাহলে যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারবো না,এর পাশাপাশি প্রয়োজন ব্যবহারিক দক্ষতা ও জ্ঞান। একজন ইঞ্জিনিয়ার এর মূল লক্ষ্যই হচ্ছে যা কিছু শিখছে সেটাকে কিভাবে ব্যবহার করে মানুষের জীবনকে আরও উন্নত করা যায়। তাই আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের উচিত যাতে আমাদের জন্য আর আরো বেশ কিছু এরকম শিক্ষামূলক ইন্ডাস্ট্রিয়াল ট্যুর আয়োজন করা।
এই ব্যাপারে যন্ত্রকৌশল বিভাগের প্রভাষক রিদয় মাসুম মিরাজ বলেন, মান সম্মত প্রকৌশলী তৈরি করার ক্ষেত্রে শ্রেনিকক্ষের তাত্ত্বিকজ্ঞানের পাশাপাশি ইন্ডাস্টিয়াল ট্যুরের বিকল্প নেই। এর ফলে শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ কর্মপরিবেশ,আধুনিক টেকনোলজি এবং ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্টদের সাথে নেটওয়ার্ক তৈরি করতে সক্ষম হবে।
যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান ড.মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ইন্ডাস্ট্রিয়াল ভিজিট একজন প্রকৌশল শিক্ষার্থীর পড়াশোনার এক আবশ্যিক অংশ। মূলত দ্বিতীয় বর্ষ হতে এটা করানো খুব দরকারী হলেও বিভিন্ন যৌক্তিক কারণে তা এতোদিন করা সম্ভব হয়ে উঠেনি৷ প্রকৌশল পড়াশোনার ব্যবহারিক প্রয়োগ ও তা সম্পর্কে শিক্ষার্থীদের অবগত করতেই এস আলম স্টিল মিলে আমাদের এ ভিজিটের আয়োজন করা হয়৷ যেখানে শিক্ষার্থীরা প্রোডাকশন প্রসেস এর নানাবিধ ব্যবহারিক জ্ঞান ও যন্ত্র পর্যবেক্ষণ করার সুযোগ পেয়ে থাকে।
ভবিষ্যতেও এমন ট্যুরের আয়োজন এর মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ব্যবহারিক জ্ঞান আরও উন্নত করার সুযোগ করে দেওয়া হবে।




