প্রেস বিজ্ঞপ্তি: বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের দমন করে সংবিধান অনুযায়ী আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত হবে বলে দাবি করেছেন জাতীয় স্বাধীনতা পার্টি (জেএসপি) চেয়ারম্যান মিজানুর রহমান মিজু। আজ শনিবার (১১ নভেম্বর)বিকাল ৩ টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে জাতীয় স্বাধীনতা পার্টি চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদ ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ এবং সংবিধান অনুযায়ী আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধন প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ২৮ অক্টোবর শান্তিপূর্ণ সমাবেশের কথা বলে বিএনপি-জামায়াত বাংলাদেশের প্রধান বিচারপতির বাসভবনে হামলা, হাসপাতালে অগ্নিসংযোগ, পিটিয়ে পুলিশ হত্যা, গাড়ীতে অগ্নিসংযোগ, দায়িত্বরত সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতনসহ বর্বরোচিত নারকীয় তান্ডব চালিয়েছে। যা কোন ভাবে মেনে নেওয়া যায় না। একের পর এক হরতাল- অবরোধ দিয়ে, বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে তারা নির্বাচন বানচাল করতে চায়। বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের কোন ছাড় দেয়া যাবে না। তাদেরকে শক্ত হাতে মোকাবেলা করতে হবে। তাদেরকে মোকাবেলা করেই দেশের গণতন্ত্রকে সমুন্নত রাখতে হবে।
জেএসপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজু বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উচ্চমূল্যের কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। এর জন্য দায়ী বাজার সিন্ডিকেট ও দুর্নীতি। মাননীয় প্রধানমন্ত্রী ব্যাপক উন্নয়ন করেছেন। কিন্তু দুর্নীতিবাজদের জন্য মানুষ উন্নয়নের সুফল পুরোপুলি তুলতে পারছে না। তাই দুর্নীতিবাজদের কঠোর হাতে দমনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছি।
জাতীয় স্বাধীনতা পার্টি চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি ইঞ্জি. স্বপন কান্তি নাথের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন জাতীয় স্বাধীনতা পার্টি (জেএসপি) মহাসচিব জয় প্রকাশ নারায়ণ রক্ষিত, ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান নারায়ণ কুমার দাস, জেএসপির প্রেসিডিয়াম সদস্য উত্তম কুমার চৌধুরী, ভাইস চেয়ারম্যান লায়ন ডা. বিধান মিত্র, আইন বিষয়ক সম্পাদক অধ্যাপিকা অর্পনা সেন, চট্টগ্রাম মহানগর শাখার সহ-সভাপতি মোহাম্মদ নূর উদ্দীন, সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ, ছাত্রনেতা সাগর প্রমুখ।




