নগর প্রতিবেদক: মুক্তিযুদ্ধের চেতনায় যে সংগঠনগুলো আছে তাদেরকে নিয়ে ১৪ দল পুন জাগ্রত হয়েছে। এই জাগরণের মূল ইস্যু হচ্ছে দেশকে রক্ষা করা, ভালবাসা এবং যেকোন চ্যালেঞ্জ মোকাবেলা করা। আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করেছি তাই মুক্তিযুদ্ধের স্বপক্ষে আবার একটি চ্যালেঞ্জ এসেছে। একারণে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে এক মঞ্চে দাঁড়াতে হবে। আজ শুক্রবার (২৬ মে) বিকেলে নগরীর দারুল ফজল মার্কেটস্থ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে ১৪ দল চট্টগ্রাম মহানগর সমন্বয়ক কমিটির প্রথম সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি আরো বলেন, আমাদেরকে একটি কঠিন সংকল্প নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই লড়াইয়ে জিততে হলে এখনই মাঠে নামতে হবে। চট্টগ্রাম ১৪ দলের সমন্বয়ক ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ- সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম সুজনের সভাপতিত্বে ও জাসদ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক জসীম উদ্দীন বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধান ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
তিনি বলেন, ১৪ দল আমাদের একটি সম্মিলিত রাজনৈতিক শক্তি, যারা মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী। একটা বিষয় লক্ষণীয় যে আমাদের শরীক দলগুলো আন্দোলন কর্মসূচীতে মাঠে তত তৎপর নয়। এই শরীক দলগুলোর থানায়, ওয়ার্ডে তাদের সাংগঠনিক অস্তিত্বের প্রকাশ ঘটাতে হবে।
বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি।
তিনি বলেন, প্রগতিশীল দলগুলো যারা আমরা স্বাধীনতায় বিশ্বাস করি তাদেরকে ধর্মীয় যেসকল সংগঠন ও জোট আছে যারা বাংলাদেশের স্বাধীনতা অস্তিত্বে বিশ্বাসী তাদের সঙ্গে যোগসূত্রতা রক্ষা করতে হবে। সরকারী প্রণোদনা প্রাপ্ত যেসকল মসজিদে ঈমাম যারা আছেন তারা কি আদৌ বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে কি না তাদের খোঁজ খবরটাও আমাদের নিতে হবে। এরা সরকারি প্রণোদনায় বেনিফিসিয়ারী, কিন্তু আদৌ বাংলাদেশের অস্তিত্বকে তারা বিশ্বাস করে না তাদের একটি তালিকা তৈরি করতে হবে।
সভাপতিত্ব করেন ১৪ দল চট্টগ্রাম মহানগর এর সমন্বয়ক, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ- সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম সুজন।
তিনি বলেন, চট্টল বীর এবিএম মহিউদ্দিন চৌধুরী ১৪ দল চট্টগ্রাম মহানগর এর সমন্বয়ক ছিলেন। তার মৃত্যুর পর চট্টগ্রাম ১৪ দলের অস্তিত্ব মুছে গিয়েছিল সেই অস্তিত্বটা আবার আবিস্কৃত করতে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দলগুলোকে নিয়ে আবারো মাঠে নামতে চাই। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শনা অনুযায়ী চট্টগ্রামে ১৪ দলের অস্তিত্বের পুনরুদ্ধার আজ থেকে আবারও শুরু হলো।
এসময় বক্তব্য রাখেন, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ, জাসদ চট্টগ্রাম মহানগর সভাপতি ওভীক ওসমান, ওয়ার্কাস পার্টির এড. আবু হানিফ, ন্যাপ চট্টগ্রাম এর গাজী আলমগীর, তরিকত ফেডারেশনের মোর্শেদ আলকাদরী, গণ আজাদী লীগের মাওলানা নজরুল ইসলাম আশরাফী, সাম্যবাদী দলের অমূল্য বড়ুয়া, ন্যাপ চট্টগ্রাম এর ফয়জুল্লাহ মজুমদার, গণতান্ত্রিক পার্টির বাবু স্বপন সেন।
মঞ্চে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ- সভাপতি আলহাজ্ব নঈম উদ্দীন চৌধুরী, এড. সুনীল কুমার সরকার, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, ওয়ার্কাস পার্টির শরীফ চৌহান, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ্ব সফর আলী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, ন্যাপ এর সমীরন দাশ, জাসদের নৃপ্রতি রঞ্জন বড়ুয়া, বেলায়েত হোসেন, মোঃ মফিজুর রহমান প্রমুখ।




