নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পদ্মাসেতু, মেট্রোরেল ও বঙ্গবন্ধু টানেলসহ দেশের চলমান প্রকল্পগুলো দেশের যাতায়ত ব্যবস্থাকে অনেকদূর এগিয়ে নিয়েছে এবং এটি আরো এগিয়ে যাবে। বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার মধ্যে রোল মডেল। কিন্তু, নির্বাচনের সময় আসলে দেশবিরোধী একটি মহল দেশের উন্নয়ন অগ্রযাত্রা নিয়ে মিথ্যাচারের রাজনীতি শুরু করে। আজ শনিবার (০৭ জানুয়ারি) চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইস্টিটিউটে চট্টগ্রাম সমিতি, ঢাকা আয়োজিত অসচ্ছল ব্যক্তির মাঝে ভ্যানগাড়ি ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এসব কথা বলেন।
তিনি বলেন, এখন মিথ্যা কথা বলে কোনো লাভ নাই। দেশের উন্নতি হয়েছে সেটা শিকার করতে হবে, কারণ এটি দৃশ্যমান এবং জনগণ এর সুফল ভোগ করছে। একসময় আমরা পাকিস্তানের পিছনে ছিলাম, এখন পাকিস্তান আমাদের পিছনে। তারপরও, দেশের উন্নয়ন অগ্রযাত্রা থামিয়ে দিতে ষড়যন্ত্র করছে দেশ বিরোধী একটি মহল।

এসময় মন্ত্রী দূরদুরান্ত থেকে ভ্যানগাড়ি ও সেলাই মেশিন নিতে আসা অসচ্ছল ব্যক্তির মাঝে ভ্যানগাড়ি ও সেলাই মেশিন তুলে দেন। চট্টগ্রাম সমিতি, ঢাকার পক্ষ থেকে ৭০ জনকে ভ্যান গাড়ি এবং ১০৫ ব্যক্তির মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে চট্টগ্রাম সমিতি, ঢাকা এর সভাপতি জয়নুল আবেদীন জামালের সভাপতিত্বে সাবেক নির্বাচন কমিশনার ও চট্টগ্রাম সমিতি ঢাকার সাবেক সভাপতি মোহাম্মদ আবদুল মোবারক, চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়াও, অন্যান্যদের মধ্যে প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ অসংখ্য সুবিধাভোগী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Post Views: 244




