নিজস্ব প্রতিবেদক: আগামী ১৮ ডিসেম্বর মহানগর আওয়ামী লীগের সম্মেলন হওয়ার কথা থাকলেও তা আবারো পিছিয়েছে বাংলাদেশ আওয়ামীলীগ। ইউনিট, ওয়ার্ড ও থানা সম্মেলন হওয়ার পরেই অনুষ্ঠিত হবে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন বলে জানা যায়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
তিনি বলেন, ‘মহানগর আওয়ামীলীগের সম্মেলনের তারিখ একাধিকবার দেওয়া হলেও নানা জটিলতার কারনে ওয়ার্ড ও থানার সম্মেলন করা সম্ভব হয়নি। সেকারণে একাধিকবার নগর আওয়ামী লীগের সম্মেলনের তারিখ পেছানো হয়েছিল। ৪ তারিখের পলোগ্রাউন্ড জনসভা উপলক্ষে আ’লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শনিবার রাতে চট্টগ্রামে আসলে উনার সাথে সাক্ষাৎ হয়। এতে উনার সাথে সম্মেলন নিয়ে কথা হয়েছে। উনি যুগ্ম সম্পাদক হানিফ ভাই ও সাংগঠনিক সম্পাদক স্বপন ভাইয়ের সামনে বলেছেন, আগামি ১৮ ডিসেম্বর নগর আওয়ামী লীগের সম্মেলন করা হবে না। প্রথমে ওয়ার্ড ও থানার সম্মেলন সম্পন্ন করতে হবে। তারপর মহানগরের সম্মেলনের করতে হবে।
সেই সম্মেলন কবে হবে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের পর ছাড়া তা সম্ভব না। আগে ওয়ার্ড ও থানার সম্মেলন সম্পন্ন হোক। এটাই কেন্দ্রের নির্দেশনা। এ পর্যন্ত ১৩২টি ইউনিটের মধ্যে ১২৪ টি ইউনিট সম্মেলন সম্পন্ন হলেও ৪৩ সাংগঠনিক ওয়ার্ডের মধ্যে সম্মেলন হয়েছে মাত্র তিনটিতে। আর ১৫ থানার মধ্যে একটিরও সম্মেলন করা সম্ভব হয়নি বলে জানান আ জ ম নাছির উদ্দীন।
উল্লেখ্য গত ৯ নভেম্বর চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের এক যৌথ সভায় বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন ১৮ ডিসেম্বর নগর আওয়ামী লীগের সম্মেলন করার ঘোষণা দিয়েছিলেন।
ওই সময়ে আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছিলেন, ‘নগর আওয়ামী লীগের সম্মেলন আগামী ৪ ডিসেম্বর করার কথা ছিল। তবে সেদিন নেত্রী চট্টগ্রামে একটি জনসমাবেশ করার আগ্রহ প্রকাশ করায় সেটি আর হচ্ছে না। পরে নেত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বললে উনি আমাকে আগামী ১৮ ডিসেম্বর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন করার নির্দেশ দেন।’
—-
Post Views: 249



