গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে সিটি করপোরেশন গঠিত হওয়ার পর প্রথম সম্মেলন নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা বলছেন, গাজীপুরে আওয়ামী লীগের সম্মেলন রূপ নেবে মহাসমাবেশে। তাদের প্রত্যাশা, জাতীয় নির্বাচনের এক বছর আগে এই সম্মেলনের মাধ্যমে গাজীপুর মহানগর আওয়ামী লীগ আরও গতিশীলও হবে। শনিবার (১৯ নভেম্বর) উপস্থিত নেতাকর্মীরা এসব কথা বলেন।
তৃণমূল নেতাকর্মীদের মধ্যে দেখা উৎসবের আমেজ। নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। জয়দেবপুরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ীর বিশাল মাঠে দুপুর ১টায় শুরু হবে গাজীপুর মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন এরই মধ্যে সম্মেলনস্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা।রাজনীতি সম্মেলনের বিশাল মাঠ সাজানো হয়েছে বর্ণিল সাজে। নৌকার আদলে তৈরি করা হয়েছে মনোরম ও আকর্ষণীয় মঞ্চ। মাঠজুড়ে বিশাল প্যান্ডেল করা হয়েছে।
সম্মেলন সফল ও সার্থক করতে দলের পক্ষ থেকে সব প্রস্তুতি এরই মধ্যে শেষ করা হয়েছে। মহানগরীর টঙ্গী থেকে গাজীপুর ভাওয়াল রাজবাড়ী মাঠ পর্যন্ত সড়ক-মাহসড়ক, অলি-গলি রাজপথ সম্মেলনের প্রচার প্রচারণায় নতুন সাজে সেজেছে। ঘর থেকে বেরোলেই চোখে পড়বে নেতা কর্মীদের ছবি সম্বলিত বিশাল আকৃতির বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন এবং সুদৃশ্য তোরণ।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সম্মেলন উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক ও দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ ছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তৃতা করার কথা রয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, সদস্য অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবীর কাওছার, আনোয়ার হোসেন, সাহাবুদ্দিন ফরাজী ও ইকবাল হোসেন অপু, সিমিন হোসেন রিমি, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ, শামসুন নাহার ভূঁইয়া, অধ্যাপিকা রুমানা আলী টুসি প্রমুখ।
প্রসঙ্গত, ২০১৩ সালে গাজীপুর সিটি করপোরেশন প্রতিষ্ঠিত। এর দুবছর পর দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, সম্মেলন ছাড়াই আজমত উল্লা খানকে সভাপতি ও জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। পরবর্তীতে সভাপতি ও সাধারণ সম্পাদক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।
পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জেলার কয়েকজন নেতাকে নিয়ে বিরূপ মন্তব্য করায় ২০২১ সালের ১৯ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগ গাজীপুর নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতাউল্লাহ মন্ডলকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
গুঞ্জন উঠেছে এবারের সম্মেলনে সভাপতি পদে নগর আওয়ামী লীগের দীর্ঘ দিনের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, নগর আওয়ামী লীগের দীর্ঘ দিনের সহসভাপতি কাজী আলিম উদ্দিনের মধ্যে একজন আসছেন।
সাধারণ সম্পাদক পদে এগিয়ে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সভাপতি সাজ্জাদ হোসেন, বর্তমান কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান, সহসভাপতি আফজাল হোসেন সরকার, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, সদস্য আবদুল হাদী শামীম, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য ও গাজীপুর সিটির কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন মন্ডল এবং গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল।




