প্রেস বিজ্ঞপ্তি: কক্সবাজারের টেকনাফ থেকে ১০ কোটি টাকা মূল্যের ৩ লক্ষ ৫৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭। গত ২৮ জুলাই কক্সবাজার জেলার উখিয়া থানাধীন বালুখালী এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাব গোপন তথ্যের ভিত্তিতে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে কক্সবাজার জেলার উখিয়া থানাধীন বালুখালী খাল এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব এর একটি দল বর্নিত স্থানে অভিযান পরিচালনা করে আসামী মোঃ জাহিদ আলম(২৫), পিতা-সৈয়দ আলম, সাং-জাদীমুড়া, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার এবং মোঃ ফরিদ আলম (২১), পিতা-সৈয়দ আলম, সাং-জাদীমুড়া, থানা: টেকনাফ, জেলা- কক্সবাজার’দের আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের হেফাজতে থাকা ৩টি প্লাস্টিকের বস্তা হতে তাদের নিজ হাতে বের করে দেয়া মতে ইট সাদৃশ্য স্কচটেপ ও কাগজ দ্বারা মোড়ানো অবস্থায় মোট ৩ লাখ ৫৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীদের’কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায় , তারা দীর্ঘদিন যাবৎ মায়ানমার সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা সরবরাহকারী সিন্ডিকেটের মাধ্যমে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ পূর্বক পরবর্তীতে তা কক্সবাজার, চট্টগ্রাম এবং ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ীদের নিকট পাচার করে আসছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১০ কোটি ৬৮ লক্ষ টাকা।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত অস্ত্র সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।




