রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার নতুন অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি। শনিবার (৩১ অক্টোবর) রাতে কমিটির সদস্য সচিব বিন্দু লাল চাকমার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচির বিষয়টি জানানো হয়।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, সাজেকে চলমান সহিংসতা ও সশস্ত্র তৎপরতা, ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় সশস্ত্র মহড়া এবং পর্যটকদের জিম্মি করে হামলার প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করছে। বিজ্ঞপ্তিতে আরও অভিযোগ করা হয়, গত ১১ অক্টোবর থেকে সাজেকে অবরোধ চললেও সশস্ত্র গোষ্ঠীগুলোর কর্মকাণ্ড বন্ধ হয়নি। উল্টো ৩১ অক্টোবর কলাবুনিয়া এলাকায় নতুন করে গোলাগুলির ঘটনা ঘটলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার দাবি থেকেই এই নতুন অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এদিকে, সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা শুক্রবার (৩০ অক্টোবর) রাতে এক ভিডিও বার্তায় অবরোধ কিছুটা শিথিলের ঘোষণা দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী যানবাহন চলাচলে বাধা দেওয়া হবে না। এছাড়া কঠিন চীবর দান উপলক্ষ্যে বৌদ্ধ ভিক্ষুদের যাতায়াতের জন্যও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। সংশ্লিষ্ট বিহার বা ধর্মীয় প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে অবরোধকারী সংগঠনগুলোর সঙ্গে আলোচনা সাপেক্ষে যাতায়াতের সুযোগ দেওয়া হবে।
পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটির ডাকা এই অবরোধের আওতামুক্ত থাকবে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি এবং সংবাদকর্মীদের যানবাহন। তবে কর্মসূচি চলাকালীন সাধারণ মানুষ, পর্যটক এবং যানবাহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দকে সড়কপথে গাড়ি না চালানোর অনুরোধ জানিয়েছে সংগঠনটি।




