বিমান বাহিনীর বরখাস্ত হওয়া ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি হত্যাকাণ্ডের তদন্তে নেমে নানা গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য পাচ্ছে পুলিশ। উত্তরার বাসা থেকে বের হওয়ার পর তাহসিফ যেসব স্থানে গিয়েছেন, সেসব এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। ঘটনার দিন রাতে তার সঙ্গে থাকা তরুণীকে শনাক্তের চেষ্টা চালানোর পাশাপাশি গ্রেফতার বন্ধু আহমেদ শাহরিয়ার জামান দীপকে চার দিনের রিমান্ডে নিয়ে জেরা করছেন তদন্তকারীরা।
তদন্তে জানা গেছে, গত মঙ্গলবার উত্তরার রাজউক অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের বাসা থেকে বের হন তাহসিফ সাউরি। পরদিন বুধবার বিকেলে টঙ্গীর তুরাগ নদের রাজাবাড়ি ঘাট এলাকা থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে নৌপুলিশ। লাশ উদ্ধারের সময় পকেটে থাকা আইফোনের সূত্রে তাহসিফের পরিচয় নিশ্চিত হয় আইনশৃঙ্খলা বাহিনী। এরপর গত শুক্রবার রাতে তাহসিফের বাবা এনায়েতুল করিম উত্তরখান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলাটি দায়েরের পর হেফাজতে থাকা বন্ধু দীপকে গ্রেফতার দেখিয়ে নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে তাহসিফের বাবার করা মামলায় আদালতে হাজির করা হলে আদালত দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নিখোঁজ হওয়ার আগে ঘটনার রাতে উত্তরার সোনারগাঁও জনপথ রোডের ‘নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বার’-এ প্রায় এক ঘণ্টারও বেশি সময় অবস্থান করেছিলেন তাহসিফ ও তার বন্ধু দীপ। সিসিটিভি ফুটেজে দেখা যায়, মোটরসাইকেলযোগে বারে আসা তাহসিফের সঙ্গে ২৪-২৫ বছর বয়সি এক তরুণীও ছিলেন। গেঞ্জি, প্যান্ট ও কেডস পরিহিত ওই তরুণীর হাতে একটি সাদা রঙের পলিথিন ছিল। বারে অবস্থানকালে তারা তিন বোতল মদ কিনে পান করেন এবং সেখান থেকে বেরিয়ে টঙ্গীর হাজী মাজার বস্তির দিকে যান। পুলিশ জানিয়েছে, ওই তরুণীর নাম-পরিচয় শনাক্ত করা গেলেও তদন্তের স্বার্থে তা গোপনে রাখা হয়েছে। তাকে আটক করা সম্ভব হলে হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ সুরাহা মিলতে পারে।
ঘটনার রাতের বর্ণনা দিতে গিয়ে রিমান্ডে থাকা দীপ দাবি করেন, টঙ্গীর হাজী মাজার বস্তি এলাকায় তাদের মাদক সেবনের অভিযোগে টহল পুলিশ ধাওয়া করেছিল। ওই সময় তাহসিফ তুরাগ নদীতে ঝাঁপ দেন এবং দীপ ২৯ নম্বর সীমানা পিলারের পাশে লুকিয়ে থেকে পালিয়ে যান। তবে তদন্তকারী সংস্থা পিবিআই এবং নৌপুলিশ জানিয়েছে, দীপের দেওয়া বক্তব্যের সঙ্গে সিসিটিভি ফুটেজ, টহল পুলিশের সাক্ষ্য এবং স্থানীয়দের তথ্যে ব্যাপক গরমিল পাওয়া যাচ্ছে।
টঙ্গী পশ্চিম থানা পুলিশের টহল দলের সদস্যরা জিজ্ঞাসাবাদে জানান, ঘটনার রাতে বস্তির গেট এলাকায় দীপের প্যান্টের নিচের অংশ ও জুতায় কাদা, ময়লা পানি এবং মলমূত্র লেগে ছিল। সন্দেহ হলে তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে দীপ নিজেকে সেনাবাহিনীর ‘ক্যাপ্টেন’ পরিচয় দেন। ভুয়া পরিচয়ের কারণে টহল পুলিশ তাকে বিস্তারিত জেরা না করেই এলাকা ছেড়ে যেতে বলে। তদন্তকারীদের সন্দেহ, তাহসিফের সঙ্গে ধস্তাধস্তির কারণে দীপের পোশাকে এসব ময়লা ও কাদা লেগে থাকতে পারে। দীপ একা কিংবা অন্য কারও সহযোগিতায় তাহসিফকে হত্যা করেছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এছাড়া তাহসিফ নিখোঁজ হওয়ার ঠিক আগের সময়ের একটি গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পিবিআই। টহল পুলিশের মুখোমুখি হওয়ার কিছু সময় আগে তাহসিফের ফোন থেকে তার মাকে একটি ভয়েস মেসেজ পাঠিয়ে বলা হয়েছিল, ‘বাসায় আসছি’। অন্যদিকে, দীপও তার মোহাম্মদপুরের বাসার দারোয়ানকে ফোন করে দেরি হওয়ার কথা জানিয়ে গেট খোলা রাখার অনুরোধ করেছিলেন। এসব যোগাযোগের সঠিক সময় মেলাতে ও তথ্য উদ্ধারে দুজনের মোবাইল ফোনই ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে টঙ্গীর ইজতেমা মাঠের পাশে ভাসমান বিক্রেতাদের কাছ থেকে ইয়াবা বা হেরোইন সেবনের তথ্যও মিলেছে।
শনিবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দীপকে হাজির করার পর তার রিমান্ড শুনানিতে আইনজীবী আজিজুল হক দিদার জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালানোর ছবি ও ভিডিও ধারণ করে ভাইরাল করেছিলেন তাহসিফ। সেই কারণে কোনো পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার তিনি হয়েছেন কি না, সেটিও তদন্তে খতিয়ে দেখার আবেদন জানানো হয়। একই সঙ্গে তদন্তকারীরা তাহসিফের অনিয়ন্ত্রিত জীবনযাপন, একাধিক নারীর সঙ্গে সম্পর্ক ও সমকামী তরুণদের সঙ্গে সম্পৃক্ততার বিষয়গুলোকেও গুরুত্ব দিচ্ছেন।
নৌপুলিশের মিডিয়া উইংয়ের পুলিশ সুপার মাসুমা আক্তার ও ঢাকা অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, পিবিআইয়ের সহায়তায় নৌপুলিশ অত্যন্ত সতর্কতার সঙ্গে মামলার সব দিক বিবেচনা করে তদন্ত চালাচ্ছে। ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পরেই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এদিকে শনিবার রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (রাওয়া) যুগ্ম সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব.) আবু নাওয়াজ খুরশিদ আলম ও মেজর (অব.) আল-আমিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল তাহসিফের বাসায় গিয়ে তার পরিবারকে সমবেদনা জানায় এবং রহস্য উদঘাটনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেয়।
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬, ০৫: ০৯আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০৫: ১৩




