দি ক্রাইম ডেস্ক: আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান বলেছেন, ‘মাদক ব্যবসায়ীদের কোনো ধরনের ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না। তালিকাভুক্ত প্রতিটি মাদক কারবারিকে ধরে সোজা আইনের আওতায় আনা হবে। যেকোনো মূল্যে এই বিষবৃক্ষ উপড়ে ফেলা হবে।’
মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় আনোয়ারা উপজেলা সদরের জয়কালী বাজারে থানা পুলিশ কর্তৃক ‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে আয়োজিত আয়োজিত এক মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এএসপি মাহমুদুল হাসান বলেন, মাদকের সাথে কোনো ধরনের আপস কিংবা কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই।
তিনি আরও বলেন, মাদকের করাল গ্রাস আমাদের পুরো যুবসমাজকে গিলে খাচ্ছে। পরিবার ধ্বংস হচ্ছে, সমাজ ধ্বংস হচ্ছে। আর পরিবার ও সমাজ ধ্বংস হয়ে গেলে দেশকে রক্ষা করা যাবে না। তাই তরুণ ও কিশোরদের বাঁচাতে হলে সমাজ থেকে মাদককে উপড়ে ফেলতেই হবে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক এম নুরুল ইসলাম, সিটি সেন্টার ব্যবসায়ী সমিতির সভাপতি এস এম শাহেদ, উপজেলা যুবদলের সদস্যসচিব ফারুক হোসেন, উপজেলা বিএনপির সদস্য আকতারুজ্জামান ও উপজেলা যুবদলের প্রচার সম্পাদক মোহাম্মদ রাশেদ।
সমাবেশে সভাপতির বক্তব্যে ওসি জুনায়েত চৌধুরী বলেন, মাদকসেবীরাই ইভটিজিং, চুরি, ছিনতাই ও ধর্ষণের মতো অপরাধের মূল কারিগর। এদের প্রতি বিন্দুমাত্র অনুকম্পা দেখানো হবে না।




