দি ক্রাইম ডেস্ক: দেশব্যাপী প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর চূড়ান্ত পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন আজ। জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টায় মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে সাঁতার ইভেন্টের উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে এই কর্মসূচি।
দেশের ক্রীড়াঙ্গনে ভবিষ্যতের তারকা গড়ে তোলার লক্ষ্য নিয়ে ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের অংশগ্রহণে এই প্রতিভা অন্বেষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্টস—এই আটটি ডিসিপ্লিন অন্তর্ভুক্ত রয়েছে।
উদ্বোধনী দিনে সাঁতারের পাশাপাশি কাবাডি ও ক্রিকেটেও মাঠে নামবে প্রতিযোগীরা। প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, বাংলাদেশ আর্মি স্টেডিয়াম, শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়াম, সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্স এবং বাংলাদেশ দাবা ফেডারেশন প্রাঙ্গণে।
আগামী ২৭ জুলাই আর্মি স্টেডিয়ামে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এদিন বিজয়ীদের হাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পুরস্কার তুলে দেওয়ার কথা রয়েছে।
আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই সোমবার ক্রিকেট ইভেন্ট দিয়ে মাঠের লড়াই শুরু হয়েছে। মিরপুরে অনুষ্ঠিত বালক বিভাগের ম্যাচে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে রংপুর ও ঢাকা অঞ্চল।
বৃষ্টির কারণে ম্যাচগুলো অনুষ্ঠিত না হওয়ায় টসের মাধ্যমে ফল নির্ধারণ করা হয়। প্রথম ম্যাচে চট্টগ্রাম অঞ্চলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে রংপুর। অন্য ম্যাচে খুলনা অঞ্চলকে হারিয়ে শেষ আট নিশ্চিত করে ঢাকা অঞ্চল।
বালিকা বিভাগেও একইভাবে টসের মাধ্যমে ফল নির্ধারিত হয়েছে। সেখানে রংপুর অঞ্চলকে হারিয়ে শেষ ষোলোতে উঠেছে চট্টগ্রাম অঞ্চল। আগামী ২২ জুলাই কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ সিলেট অঞ্চল।




