দি ক্রাইম ডেস্ক: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে ‘আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি’ (আরসা) সদস্যদের গুলিতে মো. সাবের (২৫) নামে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের ব্লক-এইচ-৪৫ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সাবের ১০ নম্বর ক্যাম্পের ব্লক-জি-২৬ এলাকার বাসিন্দা মোহাম্মদ আইয়ুব আলীর ছেলে। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাঁর বর্তমান শারীরিক অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রোহিঙ্গা আশ্রয়শিবিরে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, আরসার সশস্ত্র সদস্য জাফরের নেতৃত্বে কয়েকজন অস্ত্রধারী সাবেরকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। জাফর ১০ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের ব্লক-এইচ-৪২-এর হেড মাঝি তোহার সঙ্গে সাংগঠনিকভাবে সম্পৃক্ত বলে জানা গেছে। তিনি মো. শুক্কুরের ছেলে।
রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “১০ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবির এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের সদস্যরা গুলি চালিয়েছে। এ সময় একজন রোহিঙ্গা নাগরিক গুলিবিদ্ধ হয়েছেন। প্রাথমিকভাবে ঘটনায় আরসার সদস্যদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে।”
তিনি আরও জানান, ঘটনার পর ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি।




