খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জেলাতে এ প্রথম সফর করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান। আজ সোমবার(১১ মে)সকাল সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ি পৌঁছালে শহরের জিরো মাইল এলাকায় পার্বত্যমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা বিএনপির নেতৃবৃন্দ।
পরে সার্কিট হাইজে উঠেন পার্বত্য মন্ত্রী। সার্কিট হাউজ মিলনায়তনে খাগড়াছড়ি জেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মত বিনিময়ের পর সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে পৃথক সভা করেন। প্রধান অতিথি হিসেবে যোগ দেন পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান। পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি।
তিনি বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের সুফল পার্বত্য এলাকার প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে প্রশাসনসহ সকল দপ্তরকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
সভায় খাগড়াছড়ি জেলার শিক্ষা, কারিগরি শিক্ষা প্রশিক্ষন, স্বাস্থ্য, অবকাঠামোগত সুবিধা নিশ্চিত ও উন্নয়ন ত্বরান্বিত করতে নানা প্রতিবন্ধকতা, সমস্যা ও সমাধানে তুলে ধরেন কর্মকর্তারা। একই সাথে পাহাড়ে বদলী হওয়া কর্মকর্তাদের প্রনোদনাসহ পাহাড়ী ভাতা দেয়ার বিষয় উঠে আসে। কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে এলাকার রাজনৈতিক, সুশীল ও স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন মন্ত্রী।
সভা শেষে পার্বত্য মন্ত্রী তিন পার্বত্য জেলায় উন্নয়নে সুষম বন্টনের কথা বলেছেন। পর্যটন বিকাশের পাশাপাশি সাজেক সম্প্রসারণের কথা জানিয়েছেন তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর খাগড়াছড়ি ২০৩রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কেএম ওবায়দুল হক।
এছাড়া উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক মো: আনোয়ার সাদাত, জেলা বিএনপি’র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, মংসুইথোয়াই চৌধুরী, সাধারণ সম্পাদক এসএন আফসার, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা, পার্বত্য চট্টগ্রাম ভারত প্রত্যাগত শরনার্থী কল্যাণ সমিতি’র সাধারণ সম্পাদক সন্তোষিত চাকমা বকুল, বিজিবি সেক্টর কমান্ডার, ডিজিএফআইয়ের অধিনায়কসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান কর্মকর্তারা।
এ সময় সভায় জেলার চলমান উন্নয়ন কার্যক্রম, সরকারি সেবার মানোন্নয়ন এবং পার্বত্য অঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা ও সামাজিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় তাছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন এবং জনসেবার মান আরও বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে মতবিনিময় করেন।
সভা শেষে পার্বত্য অঞ্চলের উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। পরে মন্ত্রী জেলার কয়েকটি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। তার আগে জিরো মাইলে মন্ত্রীকে ফুলেল শুভেচছা জানান বিএনপি ও অংগসংগঠনের দলীয় নেতাকর্মীরা।




