নিজস্ব প্রতিবেদক: জেলার জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬শ’ পিস ইয়াবার ভাঙা গুঁড়া এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
আজ সোমবার(০১ জুন) রাত পৌনে ৩টায় বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় আল-নূর হাসপাতালের বিপরীত পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে অস্থায়ী চেকপোস্টে তল্লাশীর সময় ইয়াবাকারবারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ীর নাম বাবু মোল্লা (৪৫)। তার দেশের বাড়ী চুয়াডাঙ্গায়। তল্লাশীকালে তার অপর সঙ্গী কৌশলে পালিয়ে যায়।
পুলিশ জানায়, জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় আল-নূর হাসপাতালের বিপরীত পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি কালো রঙের এক্সিও প্রাইভেটকার তল্লাশি করে গাড়ির ব্যাকডালার পেছনে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬৭,৬৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬০০ পিস ইয়াবার ভাঙা গুঁড়া উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামি বাবু মোল্লা (৪৫), জেলা চুয়াডাঙ্গার বাসিন্দা।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৩ লক্ষ ৪ হাজার টাকা এবং জব্দকৃত প্রাইভেটকারের মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা।
এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জোরারগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।




