সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া: জেলার সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের বায়তুল ইজ্জতে বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজের (বিজিটিসিএন্ডসি) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।আজ সোমবার (০১ জুন) দুপুর ১টার দিকে বিজিটিসিএন্ডসি’র বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ হলে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে প্রীতি ভোজের আয়োজন করা হয়।
এ সময় স্বাগত বক্তব্য দেন, বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজের (বিজিটিসিএন্ডসি) কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল গাজী নাহিদুজ্জামান, পিবিজিএম, পিএসসি।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ও বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী।
স্বাগত বক্তব্যে রাখেন বিজিটিসিএন্ডসি’র কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল গাজী নাহিদুজ্জামান।
তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। সীমান্ত রক্ষা করাই আমাদের দায়িত্ব। আমরা সীমান্ত রক্ষা করি বলেই সমগ্র দেশের মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারে।
বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী বলেন, সীমান্তের নিরাপত্তায় বিজিবির যে সমস্ত কর্মকাণ্ড পরিচালিত হয় এটি অত্যন্ত বেশি প্রয়োজন আছে। বান্দরবান পার্বত্য জেলার সঙ্গে পার্শ্ববর্তী একটি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। এটির নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে বিজিবির গৃহীত পদক্ষেপ ও সকল ধরনের প্রচেষ্টা অবশ্যই প্রশংসার দাবি রাখে।
চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, বিজিবি একদিকে সীমান্ত ও অন্যদিকে দেশের অভ্যন্তরে কাজ করছে। বিশেষ করে মাদক, কিশোর গ্যাং, জুয়া, সন্ত্রাস ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিজিবি ভূমিকে না রাখলে আমরা একটা বিশৃঙ্খল জাতি হিসেবে চিহ্নিত হতাম। বিজিবি সদস্যরা আছেন বলেই আমরা শান্তিতে ও শৃঙ্খলার সাথে দেশে বসবাস করতে পারছি। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে বিজিবির সকল কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়।




