নগর প্রতিবেদক: কোরবানির ত্যাগের মহিমা থেকে শিক্ষা নিয়ে মনের পশুত্ব ও লোভ-লালসার ঊর্ধ্বে উঠে একটি উন্নত সমাজ গঠন করতে হবে। তিনি সকলকে ভেদাভেদ ভুলে দেশের সামগ্রিক উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
আজ বৃহস্পতিবার(২৮ মে) সকালে জমিয়াতুল ফালাহ জামে মসজিদের ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সাথে ব্রিফিংকালে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এসব কথা বলেন।
পবিত্র ঈদুল আজহার ত্যাগের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, কোরবানির প্রকৃত ত্যাগের মহিমা যেন আমরা সবসময় হৃদয়ে ধরে রাখতে পারি। এই ত্যাগের চেতনাকে ধারণ করেই আমাদের দেশ ও সমাজের কল্যাণে নিরলসভাবে কাজ করে যেতে হবে।
এসময় প্রতিমন্ত্রী তাঁর প্রিয় নগরী চট্টগ্রামকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সর্বস্তরের নাগরিকদের নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকার এবং কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে সহযোগিতা করার আহ্বান জানান।
এর আগে প্রতিমন্ত্রী মুসল্লিদের সাথে ঈদের নামাজ আদায় করেন এবং নামাজ শেষে সর্বস্তরের মানুষের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।




