দি ক্রাইম ডেস্ক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) গভীর রাতে গোদনাইল এসও রোড এলাকায় মেঘনা পেট্রোলিয়াম ডিপোর পাশের একটি বাড়িতে জেলা প্রশাসন, বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে এ উদ্ধার কার্যক্রম পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম নাসির। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান।
আদালত সূত্রে জানা যায়, একটি বাড়িতে অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুতের গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ৪ হাজার ৮৮০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। পরে নাসিরকে দণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। উদ্ধার করা জ্বালানি তেল মেঘনা পেট্রোলিয়াম ডিপোর কাছে হস্তান্তর করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান বলেন, জ্বালানি তেলের অবৈধ মজুত ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং জনস্বার্থে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এর আগে একই এলাকায় সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আরেকটি গুদামে অভিযান চালিয়ে ৯ হাজার ১০০ লিটার অবৈধ ডিজেল জব্দ করা হয়। ওই ঘটনায় সিফাত গাজী নামের এক ব্যক্তিকে দুই মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। অল্প সময়ের ব্যবধানে একই এলাকায় এত বড় পরিমাণ জ্বালানি উদ্ধার হওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।




