দি ক্রাইম ডেস্ক: কক্সবাজারের উখিয়া সীমান্ত সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে ল্যান্ডমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। বিস্ফোরণে তিনি বাম পায়ে গুরুতর আঘাত পান বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উখিয়ার ৬৪ বিজিবির আওতাধীন পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকা থেকে প্রায় ২ কিলোমিটার উত্তর-পূর্বে এবং বিআরএম-১৯ পয়েন্ট থেকে আনুমানিক ২ দশমিক ৫ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে মিয়ানমারের নাফ নদী সংলগ্ন চাকমাকাটা এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত ওই যুবককে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, আরাকান আর্মি পুঁতে রাখা একটি ল্যান্ডমাইন বিস্ফোরিত হলে শহীদুল্লাহ প্রকাশ শহীদ (২৫) নামে ওই যুবক গুরুতর আহত হন। আহত শহীদ উখিয়ার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৫ ব্লকের বাসিন্দা মিয়া হাসানের ছেলে।
উখিয়া থানার ওসি মুজিবুর রহমান বলেন, এ ধরনের কোনো তথ্য আমার জানা নেই।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, উখিয়ার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কিছুদিন আগে মিয়ানমারের মাছ ধরতে গিয়েছিল সে।




