সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া : সাতকানিয়া উপজেলায় যুক্তরাষ্ট্র প্রবাসী আলমগীর সিকদার নামে এক ব্যক্তির কৃষি জমির মাটি লুটের ঘটনায় ৬ জনকে আসামি করে মামলা হয়েছে। আজ মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে আলমগীর সিকদার এর ঘনিষ্ঠ মো.বোরহান উদ্দিন বাদী হয়ে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে সাতকানিয়া থানায় এ মামলাটি দায়ের করেন।
মামলার বিবাদীরা হলেন- মো. তারেক (৪২), আবদুল মজিদ মেম্বার (৫৫), রাব্বি (২২), আলমগীর (৪০), মো. জসিম উদ্দিন ও মো. ইয়াসিন আরাফাত (৩৭)। তারা প্রত্যেকে উপজেলার ঢেমশা ও নলুয়া ইউনিয়নের বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের তেমুহানী মৌজায় যুক্তরাষ্ট্র প্রবাসী আলমগীর সিকদারের মালিকানাধীন কৃষিজমি রয়েছে। তার ঘনিষ্ঠ মো.বোরহান উদ্দিন সেগুলো দেখাশোনা করেন। বিবাদীরা গত (১৯ মার্চ) গভীর রাতে এক্সক্যাভেটরের দিয়ে ৫ ফুট গভীর করে ৭৫ ফুট জমির মাটি লুট করে নিয়ে যায়। খবর পেয়ে বোরহান বিবাদীদের বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধরা করার চেষ্টা করেন। ফলে তিনি বাধ্য হয়ে সেখান থেকে ফিরে যান। পরে বিষয়টি প্রবাসী আলমগীরকে জানালে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় মাটিকাটা বন্ধ করেন।
আরও জানা যায়, সর্বশেষ গত সোমবার(২২ মার্চ) গভীর রাতে বিবাদীরা পুনরায় এক্সক্যাভেটরের দিয়ে একই জমি থেকে মাটি কাটা শুরু করেন। খবর পেয়ে বোরহান কয়েকজনকে নিয়ে বিবাদীদের বাধা দিলে তারা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলার পাশাপাশি প্রাণনাশের হুমকি দেন। পরে বোরহান প্রাণ ভয়ে সেখান থেকে ফিরে যাওয়ার পর বিবাদীরা ১০ শতক ফসলি জমির মাটি কেটে লুট করে নিয়ে যায়। এতে প্রায় ৫০ থেকে ৬০ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।
মামলার বাদী মোহাম্মদ বোরহান উদ্দিন এ প্রতিবেদককে বলেন, ওই জমিগুলোর প্রকৃত মালিক প্রবাসী আলমগীর সিকদার। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্র অবস্থান করছেন। তার অনুপস্থিতিতে জমিগুলো আমি দেখাশোনা করি। কিন্তু বিবাদীরা জোরপূর্বক রাতের আঁধারে সেখান থেকে মাটি লুট করে ইটভাটায় সরবরাহ করছে। এখন পর্যন্ত আনুমানিক ২০ শতক কৃষিজমির মাটি তারা লুট করে বিক্রি করে দিয়েছেন। শুরুতে আমরা তাদেরকে বাধা দিলেও পরে নিরুপায় হয়ে সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেছি।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, এ ঘটনায় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে একটি মামলা রুজু করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।




