বশির আহমেদ বান্দরবান: বান্দরবান-কেরানিহাট সড়কের সুয়ালক এলাকায় পর্যটন মৌসুমে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। আজ রবিবার (২২ মার্চ) ভোরে পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেলে ১৭ জন যাত্রী আহত হন।
ভোর ৫টার দিকে সুয়ালক কিউবি রেস্টুরেন্টের পাশে এই ঘটনা ঘটে। সৌদিয়া পরিবহনের ওই বাসটি ঢাকা থেকে পর্যটকদের নিয়ে বান্দরবান আসছিল। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাসে প্রায় ৪৫ জন যাত্রী ছিলেন। বাসের ভেতরে থাকা পর্যটকদের মধ্যে পল্লব দাশ, রিয়াদ, প্রিতম দাশ, চিরঞ্জিৎ সেন, রিমন দাশ, আলামিন, শিফাত মাহমুদ, সোহেল, ডা. জান্নাতুল ফেরদৌস, নাফি রেজওয়ান এবং সৌরভ মন্ডলসহ অনেকে গুরুতর আহত হয়েছেন।
বান্দরবান সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ধীমান চৌধুরী জানান, হাসপাতালে ভর্তি হওয়া আহতদের মধ্যে তিনজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বাসের যাত্রী উৎস পালের বর্ণনায় দুর্ঘটনার ভয়াবহতা ও চালকের খামখেয়ালিপনার চিত্র ফুটে উঠেছে। তিনি অভিযোগ করেন, চট্টগ্রাম পার হওয়ার পর থেকেই চালক এলোমেলোভাবে গাড়ি চালাচ্ছিলেন। যাত্রীরা একাধিকবার সাবধান করলেও তিনি কর্ণপাত করেননি। ধারণা করা হচ্ছে, পাহাড়ি পথের বাঁক ঘোরার সময় চালক ঘুম চোখে ব্রেকের পরিবর্তে এস্কেলেটরে চাপ দিলে বাসটি সরাসরি রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যায়।
বান্দরবান ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার ইকবাল হাসান জানান, খবর পাওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ সম্পন্ন করেছে। গুরুতর আহতদের স্ট্রেচারের মাধ্যমে খাদ থেকে উপরে তুলে হাসপাতালে পাঠানো হয়। প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। পাহাড়ি রাস্তায় পর্যটকবাহী গাড়ি চলাচলের ক্ষেত্রে বিশেষ সতর্কতার প্রয়োজনীয়তা আবারও স্পষ্ট হয়েছে এই ঘটনার মাধ্যমে।




