রাঙ্গামাটি প্রতিনিধি: মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনগণের কল্যাণ করাই আমাদের মূল লক্ষ্য। সমাজের সুবিধাবঞ্চিত শিশুসহ সকল অবহেলিত মানুষের পাশে সরকারের পাশাপাশি বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে।
আজ বৃহস্পতিবার(১৯ মার্চ) রাঙ্গামাটি জেলা শিশু একাডেমি মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন ‘অর্গানাইজেশন ফর ইউনিটি ট্রাস্ট অ্যান্ড হেল্প’ (ইয়ুথ)-এর উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের মাঝে ঈদ উপহার বিতরণ ও মেহেদী রাঙানো উৎসবে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান একথা বলেন।
তিনি আরো বলেন, সবকিছুর জন্য শুধু সরকারের ওপর নির্ভরশীল না থেকে সমাজের বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে আমাদের প্রত্যেককে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিকভাবে এগিয়ে আসা উচিত। সুবিধাবঞ্চিত শিশুদের পাশে আমরা অতীতেও ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকব।
এ সময় মন্ত্রী ‘ইয়ুথ’ এর সামাজিক কার্যক্রমকে আরও গতিশীল করতে ভবিষ্যতে ট্রাস্ট গঠনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি আসন্ন ঈদুল ফিতরসহ পার্বত্য অঞ্চলের সকল উৎসব আনন্দময় হবে এই প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে জেলার শতাধিক সুবিধাবঞ্চিত শিশু-কিশোরের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়। উৎসবের আমেজ ছড়িয়ে দিতে অনুষ্ঠান শেষে সুবিধাবঞ্চিত শিশুদের হাত মেহেদীর রঙে রাঙিয়ে দেওয়া হয়।




