ঢাকা অফিস: প্রাথমিক শিক্ষার উন্নয়নে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে কার্যক্রম পরিচালনা করা হবে এবং সংশ্লিষ্ট সবার কাজে উৎসাহ ও গতি বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি। আজ বুধবার(০৪ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হলরুমে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শিক্ষার শুরুটা হয় প্রাথমিক বিদ্যালয় থেকে। কাজেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থায় আমাদের নজর বাড়াতে হবে। সঠিক পরিকল্পনার বাস্তবায়ন ব্যতীত কাক্সিক্ষত ফলাফল অর্জন সম্ভব নয়। তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রতি শনিবার শিক্ষা বিষয়ক পর্যালোচনা সভা করেন। সারা সপ্তাহের কাজের অগ্রগতি তাঁর নিকট উপস্থাপন করতে হয়।
তিনি উল্লেখ করেন, কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন দাবি ও অভিযোগ রয়েছে। এটি থাকবেই, সম্পূর্ণভাবে শেষ করা সম্ভব নয়। যেসব দাবি যৌক্তিক সেগুলো পর্যায়ক্রমে পূরণ করা হবে। কাউকে বঞ্চিত করা যাবে না। যৌক্তিক অভিযোগগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
মন্ত্রী মাঠপর্যায় পর্যন্ত কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করে বলেন, সবাই নিজ নিজ অবস্থান থেকে আরো বেশি নিবেদিত হয়ে কাজ করলে শিক্ষার মান উন্নত হবে। আমরা কী করেছি, কী করা উচিত এবং কীভাবে শিক্ষার মান আরো উন্নত করা যায়-এ বিষয়ে আমাদের নজর দিতে হবে।
তিনি আরো বলেন, মন্ত্রণালয়ের পূর্ববর্তী প্রকল্পগুলোর মূল্যায়ন করা হবে। সেসব প্রকল্পের মিশন ও ভিশন কতটুকু বাস্তবায়িত হয়েছে, তা পর্যালোচনা করা প্রয়োজন। অতীতে অবকাঠামো উন্নয়নে তুলনামূলক বেশি গুরুত্ব দেওয়া হলেও এখন থেকে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার বিষয়ে বিশেষ জোর দেওয়া হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোঃ শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অধিদপ্তরের ঊর্ধ্বতন ও মাঠপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




