ঢাকা অফিস: ভূমি সেবা নিয়ে মানুষের মনে সন্দেহ অবিশ্বাস দূর করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।আজ মঙ্গলবার(২৪ ফেব্রুয়ারী) ঢাকায় তেজগাঁওস্থ ভূমি ভবনে সিটিজেন কেয়ার সেন্টার এবং কল সেন্টার (১৬১২২) এর কার্যক্রম পরিদর্শনকালে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেনভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।
মন্ত্রী বলেন, কলসেন্টারের ব্যাপক প্রচার দরকার যাতে প্রান্তিক মানুষ ভূমিসেবা থেকে বঞ্চিত না হয়। সিটিজেন কেয়ার সেন্টার এবং কল সেন্টারের সেবার পরিধি বাড়াতে হবে যাতে প্রতিদিন কমপক্ষে দুই হাজার মানুষ এই সেবা পায়, যা বর্তমানে ২০০-৩০০ জনে সীমাবদ্ধ আছে। তিনি আরো বলেন, ঘুষ দু্র্নীতি বন্ধ করতে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। আগামী ছয় মাসের মধ্যে ভূমি খাতে দৃশ্যমান পরিবর্তন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ঘুষ দুর্নীতির বিরুদ্ধে মন্ত্রণালয়ের জিরো টলারেন্স থাকবে। ভূমি মন্ত্রণালয়ের পূর্বের দায়িত্বপ্রাপ্তগণ ঘুষ দুর্নীতিতে দেশে বিদেশে কুখ্যাত ছিলো। প্রতিমন্ত্রী আরো বলেন, ভূমিখাতের অভিযোগ, আপত্তি নিষ্পত্তিতে কিভাবে সময় কমানো যায় তা নিয়ে অংশীজনদের সাথে আলোচনা করে ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে Alternative Dispute Resolution (ADR) বিকল্প বিরোধ নিষ্পত্তির মতো ভূমির মামলাগুলো দ্রুত সমাধানের ব্যবস্থা নেয়া হবে এবং আপত্তি ও আপিল নিষ্পত্তিতে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দেয়া হবে।
উল্লেখ্য, এ সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রী সিটিজেন কেয়ার সেন্টার এবং কল সেন্টারের এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং সেবা আধুনিক করতে বিভিন্ন নির্দেশনা দেন। এ সময় ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।




