ঢাকা অফিস: রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটককে স্বল্প সময়ে দৃশ্যমান অগ্রগতি দেখাতে শীর্ষ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। আজ মঙ্গলবার(২৪ ফেব্রুয়ারী) রাজধানীর গুলশানে টেলিটক কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মন্ত্রী এই নির্দেশনা দেন।
কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, এই সরকারের সময়ে মানুষ যাতে টেলিটকের উন্নত সেবা পায়।
এসময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
মন্ত্রী বলেন, আমরা প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে জনবন্ধব সরকার হতে চাই। আমরা চাই টেলিটক সেবার দৃশ্যমান উন্নয়ন। প্রধানমন্ত্রী জনকল্যাণে তার প্ল্যান ও ভিশন বাস্তবায়নে কাজ করছেন, টেলিটককেও সে অনুযায়ী সেবার মানোন্নয়নে কাজ করতে হবে।
উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিগুলো দ্রুততম সময়ে বাস্তবায়ন করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। এক্ষেত্রে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
মতবিনিময়কালে তাঁরা প্রতিষ্ঠানের চলমান সেবা কার্যক্রম, নেটওয়ার্ক সম্প্রসারণ, ডিজিটাল সেবা উন্নয়ন এবং গ্রাহকসেবার মানোন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন-ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।




