কক্সবাজার প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি বলেছেন, আওয়ামী লীগের ২৬ হাজার নেতাকর্মীর রক্তে রঞ্জিত বেগম খালেদা জিয়ার হাত। তাই তিনি কোনদিন মানবতার মা হতে পারে না, বরং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতার কারণেই দুর্নীতির দায়ে অভিযুক্ত বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া আজ তার নিজ গৃহে অবস্থান করছেন।
বুধবার (৯ মার্চ) দুপুরে কক্সবাজারে জেলা আওয়ামী লীগ আয়োজিত তৃণমূল প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহাবুব উল আলম হানিফ বলেন, দেশবিরোধীরা কারসাজি করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেশে কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা করছে। বিএনপি যোগসাজস করে এই অপচেষ্টা করছে। তাই কোথাও কোনো দ্রব্যের অতিরিক্ত মূল্য নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহবান জানিয়েছেন তিনি।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান নামে মুক্তিযোদ্ধা, মনেপ্রাণে ছিলেন পাকিস্তানি। তিনি কোথাও যুদ্ধ করেছেন বলে প্রমাণ নেই। বিএনপি সিলেট অঞ্চলে যুদ্ধ করার যে ইতিহাস বলে তার কোন প্রমাণ নেই। বরং বিভিন্ন দালিলিক তথ্যে প্রমাণ মিলেছে জিয়াউর রহমান ছিলেন পাকিস্তানের এজেন্ট, রাজাকারের দোসর। সে কারণে ক্ষমতায় গিয়ে রাজাকার ও স্বাধীনতাবিরোধীদের পুনর্বাসন করেছিলেন। শীর্ষ রাজাকারদের বানিয়েছিলেন এমপি-মন্ত্রী।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে পৃথিবীর সেরা মিথ্যাবাদী উল্লেখ করে তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম পৃথিবীর সকল মিথ্যাচারকে ছাড়িয়ে গিয়ে ইতিহাসে রেকর্ড গড়েছেন। যার ভেতরে কোনো মানবতা নেই তিনি কিভাবে মানবতার মা হন? বিএনপি আমলে ২৬ হাজার নেতাকর্মীকে হত্যাসহ নানাভাবে নির্যাতন চালিয়েছেন। তিনি মানবতার মা না, খুনির মা হতে পারেন। অথচ মির্জা ফখরুল ইসলাম তাকে মানবতার মা উপাধি দিয়েছেন।
পর্যটন শহরের মোটেল উপল সংলগ্ন জারা কনভেনশন হলে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
সভায় তিনি তাঁর বক্তব্যে বলেন, দলের সভানেত্রী শেখ হাসিনার কাছে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরাই বেশি গুরুত্বপূর্ণ। কারণ অনেক তৃণমূল নেতাকর্মী খেয়ে না খেয়ে দলকে টিকিয়ে রেখেছেন। তারা দলকে আঁকড়ে ধরে আছে বলে আওয়ামী লীগ ক্ষমতায় থেকেছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা,অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক বেগম ওয়াসিকা আয়েশা খান এমপি,উপ-প্রচার সম্পাদ আমিনুল ইসলাম আমিন, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংসদ সদস্য জাফর আলম,সংসদ সদস্য শাহিন আক্তার,সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদসহ কেন্দ্রীয় আওয়ামলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জেলা, উপজেলা আওয়ামী লীগের প্রতিনিধি, দলীয় প্রতীকে নির্বাচিত সকল জনপ্রতিনিধি, জেলা পর্যায়ের সহযোগী সংগঠনের ২০ জন করে প্রতিনিধিসহ মোট ৩ হাজার প্রতিনিধি অংশ নেয়।




