স্পোর্টস ডেস্ক: বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ। আজ শনিবার (৯ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
১ বছর পর নাসুম:
বাংলাদেশ একাদশে দুই পরিবর্তন এসেছে। মুশফিকুর রহিমের পরিবর্তে অভিষেক হচ্ছে জাকের আলীর। রিশাদ হোসেনের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন নাসুম আহমেদ। ১ বছর পর জাতীয় দলের যে কোনো সংস্করণে এই প্রথম খেলতে নেমেছেন। সবশেষ খেলেছেন ওয়ানডে বিশ্বকাপে, অস্ট্রেলিয়ার বিপক্ষে। এরপর এই স্পিনার কোনো সংস্করণের বিবেচিত হননি।
বাংলাদেশ একাদশ:
তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
আফগানিস্তান একাদশ:
সেদিকুল্লাহ অটল, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নায়েব, রশিদ খান, আল্লাহ মোহাম্মদ গজনফার, নাঙ্গিয়ালাই খারোতি ও ফজল হক ফারুকি।
১৪৯তম ক্রিকেটার হিসেবে জাকের আলীর অভিষেক
প্রথম ম্যাচে ইনজুরিতে ছিটকে যান আরেক অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। তার পরিবর্তে অভিষেক হচ্ছে জাকের আলী অনিকের। টি-টোয়েন্টি ও টেস্টের পর এবার ওয়ানডে ক্যাপ পেয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। তাকে ক্যাপ পরিয়ে দেন মাহমুদউল্লাহ রিয়াদ।
ঘরোয়া ক্রিকেটে লম্বা সময় ধরে ধারাবাহিক থাকার পুরস্কার পেলেন তিন সংস্করণের দলে ডাক পেয়ে। লিস্ট এ ক্রিকেটে জাকের ৯৭.৭৫ গড়ে ৯৩ ম্যাচে করেছেন ২ হাজার ১৮১ রান। সেঞ্চুরি দুটি ও হাফসেঞ্চুরি ১২টি। তিনি বাংলাদেশের ১৪৯তম ক্রিকেটার। সবশেষ অভিষেক হয়েছে রিশাদ হোসেনের।
চোখ শুধু সমতায়
বাংলাদেশের চোখ এখন শুধু সিরিজে সমতা আনায়। হারলেই সিরিজ চলে যাবে আফগানদের পকেটে, বাঁচামরার এমন ম্যাচে সমতায় চোখ রাখা ছাড়া কোনো বিকল্প নেই লাল সবুজের দলের সামনে। আগের দিন সংবাদমাধ্যমের সামনে মিরাজও থাকতে চাইলেন সামনের দিকে, ‘দেখুন, যেহেতু আমাদের সুযোগ আছে। একটা ম্যাচ হেরেছি, এখনও দুইটা ম্যাচ আছে। সুতরাং আমরা দুইটা ম্যাচ চিন্তা না করে পরবর্তী ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা একটু ব্যাকফুটে আছি।’
ভালো মোমেন্টামের আশা
ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে বাংলাদেশ আছে একটি ভালো মেমেন্টামের আশায়। মিরাজের ভাষায়, ‘আমরা প্রস্তুতিটা ওইভাবে নিচ্ছি, আশা করি যেহেতু অনেকদিন পর এই মাঠে খেলছি। ভালো মোমেন্টাম কিভাবে পেতে পারি সেটার প্রস্তুতি নিচ্ছি।’
প্রথম ওয়ানডেতে বেহাল দশা
বল হাতে শুরুটা হয়েছিল ভালো। ৭১ রানের আফগান শিবির হারিয়ে ফেলে ৫ উইকেট। ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশকে ছুঁড়ে দেয় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ নিতে গিয়ে ব্যাট হাতে বাংলাদেশের শুরুটাও হয় ভালো। কিন্তু ধরে রাখতে পারেনি মোমেন্টাম। এক পর্যায়ে ২৩ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে শান্তর দল। ৯২ রানে হেরে সিরিজে পিছিয়ে যায় ১-০ ব্যবধানে।




