লিটনকুতুবী,কুতুবদিয়া:মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’র অধীনে শিশুশ্রম রোধে কমিউনিটি পর্যায়ে (একসিলারেটিং প্রোটেকশন ফর চিলড্রেন-এপিসি)প্রকল্পের অধীনে সচেতনতামুলক সমাবেশ মিটিং চলছে কুতুবদিয়া উপজেলায়। তারই ধারাবাহিকতায় আলী আকবর ডেইল ইউনিয়ের আবদুল হাদি সিকদার পাড়া এলাকায় আজ বৃহস্পতিবার(২৩ মে) দুপুরে অবহিতকরণ সভা শেষে আমন্ত্রিত অতিথিরা চলে যাওয়ার পর খাবার হিসেবে ভাতের প্যাকেট বিতরণের জন্য স্থানীয় কিছু লোককে ভাতের প্যাকেট বিতরণের দায়িত্ব দিয়ে আসেন।
বিতরণের সময় খাবারের প্যাকেট কম পড়ায় স্থানীয় ইউপির সদস্য মোশারফ হোসেনের সাথে অংশগ্রহণকারীদের সাথে সংঘর্ষ হয়। এক পর্যায়ে দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে আবদুল হাদি সিকদার পাড়ার আরফাত হোসেনের পুত্র ফরহাদ হোসেন (২২) গোলাম কুদ্দুছের পুত্র মোঃ তাওসিফ (২৪) আমিনুর রহমানের পুত্র জিসাদ (২২) টিপুর পুত্র রিয়াদ (২০) মৃত নজরুল ইসলামের পুত্র শেফায়েত হোসেন(৪০) সহ আরো ৬/৮ জন গুরুতর আহত হয়েছে।
আহতদের মধ্যে কুতুবদিয়া সরকারি হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে ফরহাদ হোসেনকে মৃত ঘোষনা করেন। অন্যান্য আহতদের অবস্থা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করে।
এ ঘটনায় জড়িত শাহাদাৎ (৪২) নামের একজনকে আটক করে পুলিশ।
খবর পেয়ে ঘটনাস্থলে কুতুবদিয়া থানার ওসি মোঃ গোলাম কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল হাসপাতাল এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
নিহত ফরহাদের পিতা আরাফাত বলেন,আলী আকবর ডেইল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার মোশারফ হোসেন ও শেফায়েত হোসেনের নেতৃত্বে মিটিং শেষে ভাতের প্যাকেট তাদের দলের লোক প্যাকেট না পাওযার অজুহাত তুলে পূর্বে ধর্ষণ মামলার আসামী করতে না পারায় পূর্বপরিকল্পিতভাবে মোশারফ গং বাড়ি থেকে ধারালো অস্ত্র নিয়ে এসে উপর্যুপরী কয়েকজনকে ছুরিকাঘাত করে। এসময় তার ছেলেকেও আঘাত করলে ঘটনাস্থলে সে নিহত হয়।
ঘটনার খবর পেয়ে কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। শান্তিশৃংখলা বজায় রাখার জন্য আইনশৃংখলা বাহিনীর টহল জোরদার করার নির্দেশ দেন।
কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ গোলাম কবিরের সঙ্গে কথা হলে তিনি জানান, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনায় জড়িত একজনকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে নিহতের ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে তিনি এ প্রতিবেদককে নিশ্চিত করেন।




