ক্রীড়া প্রতিবেদক: সিজেকেএস – ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেট লিগে বন্দর ক্রীড়া সমিতির বিরুদ্ধে জয় পেয়েছে আগ্রাবাদ নওজোয়ান ক্লাব।আজ রবিবার (১২ মে) নগরের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা বন্দরকে ৮ রানে পরাজিত করে। এই জয়ের ফলে লিগের ১০ম রাউন্ড শেষে আগ্রাবাদ নওজোয়ান ক্লাবের সংগ্রহ ১০ ম্যাচে ৫ জয় ও ৫ পরাজয়ে ১৫ এবং বন্দর ক্রীড়া সমিতির ১০ ম্যাচে ৬ জয় ৪ পরাজয়ে ১৮ পয়েন্ট।
সকালে টসে জিতে প্রথমে ব্যাট করে দলীয় ব্যাটসম্যান ইফতেখার সাজিদ এর ৭২ ও নাজিমুদ্দিন শাব্বিরের ৬৫ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে আগ্রাবাদ নওজোয়ান ক্লাব সংগ্রহ করে ৯ উইকেটে ২৩৫ রান। ম্যাচে বন্দর ক্রীড়া সমিতির তন্ময় পাটোয়ারী ও সাজিদুল আলম রিফাত ২ টি করে উইকেট লাভ করেন।
২৩৫ রানের জবাবে ব্যাট করতে নেমে বেশ ভালভাবেই এগিয়ে যাচ্ছিল বন্দর। ১৯ ওভারে দলীয় ১০১ রানের মাথায় ১ম উইকেটের পতন হয় তাদের। উদ্বোধনী ব্যাটসম্যান ফখরুল ইসলাম করেন ৪০ ও জসিম উদ্দিন করেন ৫৮ রান। পরবর্তীতে ইকবাল বাহার (৪৩ রান) ছাড়া অন্য ব্যাটসম্যানরা তেমন একটা সুবিধা করতে না পারায় ৪৯.১ ওভারে ২২৭ রানে গুটিয়ে যায় বন্দরের ইনিংস।
আগ্রাবাদ নওজোয়ান ক্লাবের মঞ্জরুল আলম ৩১ রানে ৪ টি এবং মাজহারুল ইসলাম ও ইফতেখার সাজ্জাদ নেন ২ টি করে উইকেট।
সোমবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে সিজেকেএস – ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেট লিগের ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রামের মোকাবেলা করবে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব।




