ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা ২০২৩-২৪ (চট্টগ্রাম পর্ব) এর ফাইনাল খেলায় সানশাইন গ্রামার স্কুল ১৩৮ রানে নাসিরাবাদ সরকারী স্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় আউসাফ খান।
সকালে সাগরিকা মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত ফাইনালে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভাওে ৮ উইকেট হারিয়ে ২৩৮ রান সংগ্রহ করে সানশাইন গ্রামার স্কুল। দলের পক্ষে আউসাফ খান করেন সর্ব্বোচ ৭৭ রান। তাছাড়া মাহির আনোয়ার করেন ৬১ রান।
নাসিরাবাদ স্কুল ২৩৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩৫.৫ ওভারে ১০০ রানে অল আউট হয়ে গেলে ম্যাচে সানশাইন গ্রামার স্কুল ১৩৮ রানে জয় পায়। নাসিরাবাদ স্কুলের পক্ষে সর্ব্বোচ ৩৬ রান করেন মোঃ আবিদ।
ম্যাচে বল হাতে সানশাইন গ্রামার স্কুলের ইমরান হোসেন সামি ও আরসাদুল ৩ টি করে ও মোঃ ইব্রাহিম ২ টি এবং নাসিরাবাদ স্কুলের তাফসিদুল ৪ টি উইকেট লাভ করেন।
খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বিসিবির পরিচালক ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
এসময় আরো উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, সিজেকেএস নির্বাহী সদস্য ও ক্রিকেট কমিটির সম্পাদক আবদুল হান্নান আকবর, নির্বাহী সদস্য এনামুল হক, কাউন্সিলর মকসুদুর রহমান বুলবুল, শওকত হোছাইন, সাবেক কাউন্সিলর আবদুর রশিদ লোকমান, ক্রিকেট কোচ মহিবুল করিম মিঠু সহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী স্কুল সমূহের খেলোয়াড় ও শিক্ষকবৃন্দ প্রমুখ।




