ক্রীড়া প্রতিবেদক: সিজেকেএস-ইস্পাহানী প্রিমিয়ার লীগে রাইজিং স্টারের বিরুদ্ধে বিশাল জয় পেয়েছে চট্টগ্রাম বন্দর ক্রীড়া সমিতি। আজ রবিবার (২১ এপ্রিল)নগরের এম এ আজিজ স্টেডিয়ামে তারা ব্যাটসম্যান মেহেদী হাসানের ১০৪ রান সংগ্রহ ও বোলার ইফাদ বিন ইদ্রিচ জয়ের ৪ ইউকেট প্রাপ্তির সুবাদে ১৭৯ রানের বিশাল ব্যবধানে রাইজিং স্টার ক্লাবকে পরাজিত করে।
প্রিমিয়ার লীগের সপ্তম রাউন্ডের নিজ নিজ ম্যাচ শেষে চট্টগ্রাম বন্দর ক্রীড়া সমিতির সংগ্রহ ১৮ ও রাইজিং স্টার ক্লাবের ১২ পয়েন্ট।
সকালে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে চট্টগ্রাম বন্দর ক্রীড়া সমিতি ৩১৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে ব্যাটসম্যান মেহেদী হাসানের সর্ব্বোচ ১০৪ রান ছাড়া ইকবাল বাহার ৫৭, জাহিদুজ্জামান ৪৬ রান সংগ্রহ করেন।
জয়ের লক্ষ্যে বন্দরের দেওয়া বিশাল টার্গেট তাড়া করতে নেমে ৩৪.৫ ওভারে ১৩৮ রানে অল আউট হয়ে যায় রাইজিং স্টার ক্লাব। দলের পক্ষে রেজাউল করিম করেন সর্ব্বোচ ২৭ রান।
বল হাতে দলের জয়ে ৩৮ রানে ৪ উইকেট নিয়ে অগ্রনী ভুমিকা রাখেন বন্দরের বোলার ইফাদ বিন ইদ্রিচ জয়। রাইজিং স্টারের সজিবুল আলম নেন ৩ উইকেট।
সোমবার এম এ আজিজ স্টেডিয়ামে সিজেকেএস- ইস্পাহানী প্রিমিয়ার লীগের গুরুত্বপূর্ণ ম্যাচে মোকাবেলা করবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র বনাম ব্রাদার্স ইউনিয়ন।
১ম বিভাগ ক্রিকেট লীগে লাকী স্টার জয়ী
এদিকে সিজেকেএস-কনফিডেন্স সিমেন্ট ১ম বিভাগ ক্রিকেট লীগে জয় পেয়েছে ফিরিঙ্গীবাজার লাকী স্টার ক্লাব। রবিবার সাগরিকা মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত ম্যাচে তারা উচ্ছাস ক্লাবকে ৭ উইকেটে পরাজিত করে।
ম্যাচ স্কোর : উচ্ছাস ক্লাব ১৩০ রান এবং ফিরিঙ্গীবাজার লাকী স্টার ক্লাব ১৩৪ / ৩ (২৩.১ ওভার)।
খেলার ফলাফল : ফিরিঙ্গীবাজার লাকী স্টার ক্লাব ৭ উইকেটে জয়ী।




