ক্রীড়া প্রতিবেদক: আগামী ২০২৭ সালের অক্টোবর ও নভেম্বরে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ আয়োজক হিসাবে দক্ষিণ আফ্রিকার সাথে রয়েছে জিম্বাবুয়ে এবং নামিবিয়া। তিন বছর বাকি থাকলেও এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেছে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপের আট ভেন্যুর নাম। আইসিসির অনুমোদিত দক্ষিণ আফ্রিকার ১১টি স্টেডিয়ামের মধ্যে থেকে ৮ টিকে নির্বাচিত করা হয়েছে।
নির্বাচিত ৮ টি স্টেডিয়াম হলো জোহানেসবার্গের ওয়ান্ডারার্স, সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্ক, কেপটাউনের নিউল্যান্ডস, ডারবানের কিংসমিড, গেবেরার সেন্ট জর্জেস পার্ক, ব্লুমফন্টেইনের মানগাউং ওভাল, পার্লের বোল্যান্ড পার্ক ও ইস্ট লন্ডনের বাফেলো পার্ক। অন্যদিকে স্বাগতিক অপর দুই দেশ জিম্বাবুয়ে এবং নামিবিয়া এখনও নিজেদের ভেন্যু চূড়ান্ত করতে পারেনি।
দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ডের সিইও ফোলেতসি মোসেকি বলেন, ‘সব দিক খতিয়ে দেখে বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত করা হয়েছে। ভেন্যু বাছাইয়ের ক্ষেত্রে স্টেডিয়ামের কাছাকাছি নির্দিষ্ট মানের হোটেল, অনুশীলনের মাঠ, বিমানবন্দর থেকে দূরত্বের মতো বিষয়গুলি বিবেচনা করতে হয়েছে। বিশ্বকাপ চলাকালীন যাতে ক্রিকেটারদের খুব বেশি সফর করতে না হয় তার ভিত্তিতে বেছে নেওয়া হয়েছে মাঠগুলিকে।’
দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ টুর্নামেন্ট এর আয়োজক হলেও এই প্রথমবার নামিবিয়া বিশ্বকাপ টুর্নামেন্ট আয়োজন করছে।




