মোহাম্মদ ফারুক, ক্রীড়া প্রতিবেদক: নিজেদের ৪র্থ ম্যাচে এসে ফ্রেন্ডস ক্লাবের কাছে ৭ উইকেটে পরাজয়ের ফলে লিগে জয় এখনো অধরা রয়ে গেল চট্টগ্রাম মোহামেডান স্পোটিং ক্লাবের। আজ শনিবার (১৬ মার্চ)নগরের এম এ আজিজ স্টেডিয়ামে সিজেকেএস-ইস্পাহানি প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ৪ রাউন্ডের ম্যাচে ফ্রেন্ডস ক্লাব ৭ উইকেটে পরাজিত করে মোহামেডানকে। এই পরাজয়ে এবারের লিগে টানা ৪ ম্যাচ হারল জনপ্রিয় এই দলটি।
ম্যাচে টসে জিতে ফ্রেন্ডস ক্লাব মোহামেডানকে ব্যাট করার আমন্ত্রণ জানালে ব্যাট হাতে আরমান উল্ল্যা ছাড়া কোন ব্যাটসম্যানই মাঠে দাঁড়াতে পারেনি। দলের পক্ষে আরমান করেন সর্ব্বোচ ২২ রান। দলীয় ১৯ রানে ৯.৪ ওভারে ৪ উইকেটের পতন হয় তাদের। পরবর্তীতে ব্যাটসম্যানদের একের পর এক উইকেট দিয়ে আসার ম্যাচে ২৩.৩ ওভারে মোহামেডানের ইনিংস গুটিয়ে যায় মাত্র ৬১ রানে। মাঠে দলীয় সমঝোতার পাশাপাশি দলের ব্যাটসম্যানদের মাঝে আস্থার বেশ অভাব ছিল। ম্যাচে ফ্রেন্ডস ক্লাবের বোলার মোস্তাকিম হোসাইন ২৩ রানে ৫ ও রুবায়েত খান আফ্রিদী ৯ রানে ৩ উইকেট তুলে নেন।
জয়ের লক্ষ্যে মাঠে নেমে শুরুটা ভাল হয়নি ফ্রেন্ডস ক্লাবের। বল হাতে প্রথম ১০ ওভার মোহামেডান দারুণ সাফল্য দেখিয়ে দলীয় ২৬ রানে ৩ উইকেটের পতন এনে দিলেও পরবর্তীতে উদয়ের অপরাজিত ২২ ও রাকিবুল ইসলামের ১৬ রান মোহামেডানের দেওয়া সহজ টার্গেটকে পিছে ফেলে ফ্রেন্ডস ক্লাবকে ২০ ওভারে ৭ উইকেটে সহজ জয় এনে দেয়। বল হাতে মোহামেডানের আরিফুল ইসলাম জনি পান ২ উইকেট।




