ক্রীড়া প্রতিবেদক: সিজেকেএস প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের দলবদলের দ্বিতীয় দিনে মোহামেডান স্পোটিং ক্লাবের দলবদলকে ঘিরে স্টেডিয়াম চত্বর ছিল উৎসবমুখর। এম এ আজিজ স্টেডিয়াম চত্বরে জমজমাট আয়োজনের মধ্যে দিয়ে মোহামেডান স্পোটিং ক্লাব তাদের দল অনেকটা গুছিয়ে নিয়েছে। ইফরান হোসেনসহ ৯ ক্রিকেটারকে আজ রবিবার (০৪ ফেব্রুয়ারী) নিজেদের দলে সই করিয়ে নেন তারা।
দুপুর থেকেই মোহামেডান দলের খেলোয়াড়দের দলবদলকে ঘিরে স্টেডিয়াম প্রাঙ্গন ছিল উৎসবমুখর। ব্যান্ড দলের সদস্যরা বাদ্যযন্ত্রের তালে তালে মোহামেডান দলের খেলোয়াড়দের নিয়ে স্টেডিয়াম এলাকায় চক্কর দেয়।
সন্ধ্যায় মোহামেডান স্পোটিং ক্লাবের কর্মকতা সৈয়দ শাহাবুদ্দীন শামীম, আলী আব্বাস, মোহাম্মদ ইউচুপ খেলোয়াড় ও অন্যান্য কর্মকতাদের সাথে নিয়ে দলের খেলোয়াড়দের দলবদল সম্পন্ন করেন।
চট্টগ্রাম মোহামেডান স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম জানান, প্রিমিয়ার লীগ শিরোপা জয়ের লক্ষ্যে এবার দল গঠন করা হয়েছে। আমরা আশা করি এবারের লীগে খেলোয়াড়রা ভাল খেলবে।
মোহামেডান স্পোটিং ক্লাবের পক্ষে সই করা খেলোয়াড়রা হলেন : ইফরান হোসেন, মোঃ জসীম, মোঃ সাদেক হোসাইন, আব্দুল্লাহ জিসান, ইসতিয়াক বিন ইদ্রিস, মোঃ সাকিব হোসেন, ফজলে দাইয়ান, রুবায়েত খান আফ্রিদী, মোঃ জাবেদ।
তাছাড়া দ্বিতীয় দিনে প্রিমিয়ার লীগে অংশগ্রহনকারী ব্রাদার্স ইউনিয়ন, আবাহনী লিমিটেড, শহীদ শাহজাহান সংঘ, ফ্রেন্ডস ক্লাব, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র নিজ নিজ দলের পক্ষে খেলোয়াড়দের সই করিয়েছে।




