স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচ ওয়ানডে শেষে বাংলাদেশের সঙ্গে নিউজিল্যান্ডের টি টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আজ থেকে। বুধবার (২৬ ডিসেম্বর) নিউজিল্যান্ডের নেপিয়ারে প্রথম টি টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশের স্থানীয় সময় দুপুর ১২টা ১০ মিনিটে ম্যাচটি শুরু হবে।
এর আগে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে নিউজিল্যান্ডের কাছে হেরেছে টিম টাইগার্স। কিন্তু শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটের বড় জয় কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরিয়েছে নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ শিবিরে। কোচ, টিম মেম্বার এবং টিম স্টাফদের মেজাজ আসন্ন টি টোয়েন্টি সিরিজ ঘিরে কিছুটা ফুরফুরে রয়েছে বলে জানা গেছে।
টি-টোয়েন্টিতে ভালো করতে মুখিয়ে থাকার কথা জানিয়ে শান্ত বলেন, ‘আমার মনে হয় খুব ভালো একটা সুযোগ। সবাই মুখিয়ে আছে এই সিরিজটা খেলার জন্য। দল হিসেবে খুব ভালো প্রস্তুতি হয়েছে। টি-টোয়েন্টির কিছু খেলোয়াড় আগেই চলে এসেছে ও ঠিকমতো প্রস্তুতি নিয়েছে। তাই আশা করছি যে সবাই কালকে একসাথে হয়ে খুব ভালো একটা ম্যাচ খেলবে।’
শান্ত আরো বলেন, ‘সবাই একসঙ্গে দলগতভাবে খেলা, যেটা খুব গুরুত্বপূর্ণ। অতিরিক্ত কোনো কিছু আশা করি না। আমরা যেমন তেমনটাই করার চেষ্টা করব। আমার মনে হয় সবাই সেটিই করার জন্য প্রস্তুত।’
উল্লেখ্য, আজকের ম্যাচের পর নিউজিল্যান্ডের মাউন্ট মাঙ্গানুইতে ২৯ ডিসেম্বর দ্বিতীয় টি টোয়েন্টি এবং বছরের শেষদিন অর্থাৎ ৩১ ডিসেম্বর ঠিক একই ভেন্যুতে তৃতীয় টি টোয়েন্টি খেলার কথা রয়েছে টাইগারদের।



