ক্রীড়া প্রতিবেদক: চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় চট্টগ্রাম জেলা ইয়ুথ (অনুর্ধ্ব-২০) বালক ও বালিকা দাবা চ্যাম্পিয়নশীপ ২০২৩-২৪ এ বালক বিভাগে নাজমুল হায়াত ০৭ খেলায় ৫.৫পয়েন্ট পেয়ে এবং বালিকা বিভাগে তাসফিয়া তাহসিন প্রিমা ০৭ খেলায় পূর্ণ ০৭ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
বালক বিভাগে ৫ পয়েন্ট পেয়ে ট্রাইবেকিং এ এগিয়ে থেকে প্রাঞ্জল বড়ুয়া ১ম রানার আপ এবং শুভ্রজিৎ মজুমদার ২য় রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। বালিকা বিভাগ সানোয়ারা আকতার ৫পয়েন্ট পেয়ে ১ম রানার আপ এবং ৪.৫ পয়েন্ট পেয়ে তাওহিদা বেগম ২য় রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।
বুধবার (২০ ডিসেম্বর) খেলা শেষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সিজেকেএস সহ-সভাপতি মো: হাফিজুর রহমান।
দাবা কমিটির যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম সাচ্চুর সভাপতিত্বে এবং দাবা কমিটির যুগ্ম সম্পাদক প্রকৌশলী এস এম তারেক এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সিজেকেএস অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ সাহাব উদ্দিন শামীম এবং সিজেকেএস যুগ্ম সম্পাদক মো: আমিনুল ইসলাম।
উপস্থিত ছিলেন সিজেকেএস কাউন্সিলর সাজিব বিকাশ বড়ুয়া, সিরাজুল ইসলাম, দাবা কমিটির যুগ্ম সম্পাদক সৈয়দ আবদুল আহাদ, সদস্য নুরুল আমিন, মো: ইসহাক, সাবেক জাতীয় দাবাড়– মঞ্জুরুল আলম ও খেলোয়াড় সমিতির সাংগঠনিক সম্পাদক মো: জাহাঙ্গীর আলম প্রমুখ।
উভয় বিভাগে চ্যাম্পিয়নদ্বয় ঢাকায় অনুষ্ঠিতব্য শেখ রাসেল জাতীয় ইয়ুথ দাবায় চট্টগ্রাম জেলার প্রতিনিধিত্ব করবে। চ্যাম্পিয়নশীপে বালক বিভাগে চট্টগ্রামের বাছাইকৃত ৮জন এবং বালিকা বিভাগে ৮ জন ভিন্ন ভিন্ন টুর্নামেন্টের মাধ্যমে রাউন্ড রবীন লীগ পদ্ধতিতে অংশগ্রহণ করবে।
চ্যাম্পিয়নশীপের অর্গানাইজার হিসেবে মহিলা ফিদে মাস্টার তনিমা পারভিন, চীফ আরবিটর হিসেবে প্রকৌশলী এস এম তারেক, ডেপুটি হিসেবে নুরুল আমিন, আরবিটর হিসেবে আসিফ মাহমুদ ও সহযোগী হিসেবে জাহাঙ্গীর আলম (দাবা জাহাঙ্গীর) এবং পরিচালক হিসেবে সৈয়দ আবদুল আহাদ দায়িত্ব পালন করেন।




