আন্তর্জাতিক ডেস্ক: চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩১ জনে দাঁড়িয়েছে। এঘটনায় আহত হয়েছে হাজারেরো বেশি মানুষ এবং নিখোঁজ রয়েছে আরো অনেকে। তাদের উদ্দেশে উদ্ধারে অভিযান চলছে।
বুধবার (২০ ডিসেম্বর) কর্তৃপক্ষ জানিয়েছে, তারা উদ্ধার অভিযান শেষ করে আহতদের চিকিৎসা এবং গৃহহীনদের জন্য বাসস্থানের ব্যবস্থার দিকে গুরুত্ব দিচ্ছে। খবর বিবিসির।
গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) স্থানীয় সময় ভোর রাতের দিকে গানসু প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৯। তবে চীনা কর্তৃপক্ষ বলছে এর মাত্রা ছিল ৬.২।
ইউএসজিএসের তথ্য অনুসারে, ভূমিকম্পটি লিনক্সিয়া চেংগুয়ানজেনের প্রায় ২৩ মাইল পশ্চিম উত্তর-পশ্চিমে মাটির ৬ মাইলের কিছুটা গভীরে আঘাত হানে। প্রাদেশিক রাজধানী ল্যানঝো ভূমিকম্পের কেন্দ্র থেকে প্রায় ৬০ মাইল দূরে।




