স্পোর্টস ডেস্ক: ২০১৯ সালের ১৪ জুলাই নাটকীয় এক ফাইনালের সাক্ষী হয়ে আছে পুরো বিশ্বে। ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের সেই ফাইনালকে সর্বকালের সেরা ওয়ানডে ম্যাচ হিসেবেই বিবেচনা করেন অনেকে। মাঝে পেরিয়ে গিয়েছে চার বছর। এই চার বছরে অনেক কিছুই বদলেছে ক্রিকেট দুনিয়ায়।
সবকিছুর পর আজ (৫ অক্টোবর) থেকে আবার শুরু হচ্ছে বিশ্বক্রিকেটের বড় এই আসর।ঠিক যেখানে শেষ হয়েছিল গেলবারের ফাইনাল, সেখান থেকেই যেন শুরুর বার্তা দিয়েছে এবারের বিশ্বকাপ।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে গতবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের ম্যাচ দিয়েই শুরু হবে ২০২৩ সালের বিশ্বকাপ।
বিশ্বকাপের এই প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসন না থাকায় কিউইদের অধিনায়কের দায়িত্ব আজ টম ল্যাথামের কাছেই থাকছে।
আগেই জানা গিয়েছিল বিশ্বকাপের প্রথম ম্যাচে শঙ্কায় থাকছেন ইংল্যান্ডের বেন স্টোকস। শেষ পর্যন্ত একাদশে নেই তিনি। নিউজিল্যান্ড স্কোয়াডে টিম সাউদি, কেইন উইলিয়ামসনের না থাকা নিশ্চিত ছিল আগেই। তবে নতুন করে লকি ফার্গুসনের না থাকাও নিশ্চিত হয়েছে।
ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, দাভিদ মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড।
নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, উইল ইয়াং, ড্যারিল মিচেল, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, রাচিন রবীন্দ্র, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট, মার্ক চাপম্যান।




