স্পোর্টস ডেস্ক: আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে সাকিব আল হাসানের ইনজুরি নিয়ে বিসিবি যে সময়সীমা বেধে দিয়েছে তাতে স্পষ্ট, আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে জাতীয় দলের অধিনায়ককে পাবে না বাংলাদেশ।
১৪ জুন মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে (১২ মে) চলাকালিন ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পান সাকিব। বিসিবি পরদিন জানায়, ছয় সপ্তাহ বাঁহাতি অলরাউন্ডারকে বিশ্রামে থাকতে হবে। তখন থেকেই বোঝা যাচ্ছিল সাকিবকে ছাড়াই খেলতে হবে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট।
তাকে ছাড়া খেলা মানেই বাড়তি চিন্তা। প্রথমত, অধিনায়কত্ব কে করবেন? দ্বিতীয়ত, তার জায়গায় কে খেলবেন? তবে বিসিবি পরিচালক আকরাম খান সাকিবের অনুপস্থিতিতি নিয়ে বিচলিত নন। তার কণ্ঠে উৎকণ্ঠা নয়, বরং আত্মবিশ্বাসের সুর পাওয়া গেল, ‘সে (সাকিব) খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার। কিন্তু ইনজুরি থাকবেই। এটা নিয়ে আমরা খুব চিন্তিত। আমরা যে হারে খেলছি, এই সমস্যাটা থাকবেই। তারপরেও ভালো ব্যাকআপ খেলোয়াড় আসছে, তরুণ খেলোয়াড় আসছে। পেস বোলিং ভালো হচ্ছে। আমার মনে হয়, ও থাকলে অবশ্যই শক্তি বাড়ত। ইতোমধ্যেই যে টিম আছে, এটাও ভালো। যদি সেন্সিবল ক্রিকেট খেলে তিনটা বিভাগ যদি ভালো করতে পারি, তাহলে জিতব।’
আফগানিস্তানের বিপক্ষে ২০১৯ সালে বাংলাদেশ একটি টেস্ট খেলেছিল। চট্টগ্রামে অনুষ্ঠিত হওয়া সেই টেস্ট বাংলাদেশ হেরেছিল। এবার ঘরের মাঠে বদলা নেওয়ার পালা। কিন্তু নিজেদের টেস্ট ইতিহাসের সেরা ক্রিকেটারকে ছাড়াই মাঠে নামতে হবে বাংলাদেশকে।
সাকিবের পরিবর্তে বাংলাদেশকে নেতৃত্ব কে দিতে পারে তা নিয়ে কোনো কথা বলেননি আকরাম, ‘এটা তো পুরোপুরি বোর্ডের সিদ্ধান্ত। বোর্ড সিদ্ধান্ত নিবে কে অধিনায়ক হবে না হবে। এখন এই নিয়ে কিছু বলার যাবে না।’ অধিনায়ক হিসেবে লিটনকেই বেছে নিতে পারে টিম ম্যানেজমেন্ট। সঙ্গে মিরাজ ও শান্তর নামও আসছে। তাদের নিয়ে আকরাম খান বলেছেন, ‘ওরাই তো ফিউচার। যখনই এদেরকে পিক করা হয়েছিল…কিছু প্লেয়ারের ক্যাপ্টেনসি গুণ থাকে। এইগুলো তাদের মধ্যে আছে। ৫-৬ জন্য ক্যান্ডিটেট আছে। এটা ডিপেন্ড করছে বর্তমান অধিনায়ক যে আছে, সিলেক্টর, কোচ আছে। ওরা মিলে সিদ্ধান্ত নিবে। ক্যাপ্টেন আছে ৫-৬ জন।’




