ক্রীড়া ডেস্ক: ভিয়ারিয়ালের মাঠে রিয়াল মাদ্রিদ সমর্থকরা হারের শঙ্কাতেই ছিলেন। ছন্নছাড়া পারফরম্যান্সে প্রথমার্ধেই ২ গোল হজম করে লস ব্লাঙ্কোরা। তবে দ্বিতীয়ার্ধে দাপুটে প্রত্যাবর্তন করে কার্লো আনচেলত্তির দল। গতকাল বৃহস্পতিবার রাতে এল মাদ্রিগাল স্টেডিয়ামে কোপা দেল রে’র শেষ ষোলোতে ২-০ ব্যবধানে পিছিয়ে থাকা ম্যাচে ৩-২ গোলের জয় তুলে নেয় মাদ্রিদিস্তারা। নাটকীয় এই জয়ে টুর্নামেন্টটির কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় রিয়াল।
গত ৭ই জানুয়ারি স্প্যানিশ লা লিগার ম্যাচে রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারায় ভিয়ারিয়াল। এরপর স্প্যানিশ সুপার কাপের সেমিতে ভ্যালেন্সিয়াকে টাইব্রেকারে হারাতে পারলেও ফাইনালে বার্সেলোনার কাছে বিধ্বস্ত হয় লস ব্লাঙ্কোরা। ৩-১ গোলে এল ক্লাসিকো জিতে নেয় ব্লাউগ্রানারা। ধুঁকতে থাকা রিয়াল যে ভিয়ারিয়ালের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও প্রত্যাবর্তন করতে পারবে, তা অপ্রত্যাশিত ছিল দলটির কোচ কার্লো আনচেলত্তির কাছেই।
ম্যাচশেষে তিনি বলেন, ‘সত্যিকার অর্থে, প্রথমার্ধে খুব বাজে খেলেছি আমরা। আর দ্বিতীয়ার্ধটা পুরোপুরি অবিশ্বাস্য। কারণ এমন বাজে পারফরম্যান্স দিয়ে ম্যাচে ফেরা।’
ঘরের মাঠে চতুর্থ মিনিটেই এগিয়ে যায় ভিয়ারিয়াল। ডান দিক থেকে দারুণ শটে জাল খুঁজে নেন দলটির ফরাসি মিডফিল্ডার এতিনে ক্যাপু। ৪২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভিয়ারিয়ালের নাইজেরিয়ান মিডফিল্ডার স্যামুয়েল। ৫৭তম মিনিটে ছন্দহীন রিয়ালকে লড়াইয়ে ফেরান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র। ১২ মিনিট পর সমতাসূচক গোলটি করেন এদের মিলিতাও। বাঁ দিক থেকে সেবাইয়োসের ক্রসে বেনজেমার হেড ঝাঁপিয়ে ঠেকান ভিয়ারিয়াল গোলরক্ষক। ফিরতি বল গোলমুখে পেয়ে সহজেই লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। আর ৮৬তম মিনিটে মার্কো আসেনসিও’র অ্যাসিস্টে জয়সূচক গোলটি করেন রিয়ালের স্প্যানিশ মিডফিল্ডার দানি সেবাইয়োস।
আনচেলত্তি বলেন, ‘আমাদের দল প্রত্যাবর্তনের শক্ত মানসিকতা দেখিয়েছে। বদলি হিসেবে নামা আসেনসিও ও সেবাইয়োস ম্যাচ পাল্টে দেয়। তারা ম্যাচে অসাধারণ প্রভাব রেখেছে। আমরা খেলা এবং সাংবাদিকের ম্যাচ রিপোর্ট পাল্টে দিয়েছি। আমি মনে করি দ্বিতীয়ার্ধের খেলা অনেক আত্মবিশ্বাস দিয়েছে আমাদের।’




