স্পোর্টস ডেস্ক: টস জিতে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে তুলেছে ২০৫ রান। ২০৬ রানের টার্গেটের জবাব দিতে নেমে ব্যর্থ হয়ে ফিরেছেন সৌম্য সরকার, নাজমুল শান্ত, সাকিব আল হাসান ও আফিফ হোসেন।
৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪৭ রানে ব্যাট করছে বাংলাদেশ একাদশ। ক্রিজে আছেন লিটন দাস ও মেহেদি মিরাজ। ২ ছক্কায় ৬ বলে ১৫ করে আউট হয়েছেন সৌম্য সরকার। নরকিয়ার একই ওভারে শান্ত ৯ করে বোল্ড হয়েছেন। পরের ওভারে নরকিয়া তুলে নেন সাকিবকে (১)। এরপর রাবাদা ১ রান করা আফিফকে ক্যাচ পরিণত করেন।
এর আগে দক্ষিণ আফ্রিকার হয়ে বামহাতি ওপেনার ডি কক ৩৮ বলে সাতটি চার ও তিন ছক্কায় ৬৩ রানের ইনিংস খেলেন। ঝড় দেখিয়ে রুশোর সঙ্গে ১৬৮ রানের দুর্দান্ত জুটি গড়েন। রুশো ১৯তম ওভারে ফিরে যাওয়ার আগে ৫৬ বলে ১০৯ রান করেন। তার ব্যাট থেকে আটটি ছক্কা ও সাতটি চার বেরোয়।
বল হাতে বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর কিছুটা ভালো করেছেন। ৪ ওভারে ২৫ রান দিয়ে উইকেট শূন্য থাকেন তিনি। ডাচদের বিপক্ষে হিরো হয়ে ওঠা তাসকিন এই ম্যাচে ৩ ওভারে ৪৬ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন। সাকিব ৩ ওভারে ৩৩ হজম করে নিয়েছেন ২ উইকেট।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯.৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ- ৬৬/৪।




