বান্দরবান প্রতিনিধি: দীর্ঘ সাত বছর পর বান্দরবান জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে বান্দরবান ঐতিহাসিক রাজার মাঠে বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়। এর আগে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের সূচনা করেন অতিথিবৃন্দ।
সম্মেলনের প্রধান অতিথি পার্বত্য মন্ত্রী ও ৩০০নং আসনের সাংসদ বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন- আওয়ামী লীগ সরকার শিক্ষা থেকে শুরু করে যেসকল উন্নয়নমূলক কাজ করেছেন তা তৃণমূল পর্যায়ে তুলে ধরার জন্য ছাত্রলীগকে সক্রিয়ভাকে কাজ করতে হবে। নতুন নেতৃত্বকে দলীয় কর্মীসহ শিক্ষার্থীদের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো, তরুণ প্রজন্মের মাঝে ছাত্রলীগের নীতি-আদর্শ ছড়িয়ে দেওয়া, আগামি নির্বাচনকে সামনে রেখে সব ধরণের ষড়যন্ত্র রুখে দাড়ানোসহ প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান।
কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় বলেছেন- দেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু একাত্তরের স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র থেমে নেই। বিএনপি নেতাকর্মীরা আন্দোলনের নামে সন্ত্রাস করছে। হুশিয়ারী উচ্চারণ করে তিনি বলেন, বিএনপি- জামায়াতের ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য ছাত্রলীগ প্রস্তুত রয়েছে। নতুন কিমিটিকে আগামী প্রজম্ম তৈরীর পাশাপাশি আসন্ন সংসদ নির্বাচনে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার আহ্বান জানান।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। তিনি পাহাড় ও সমতলের নানা বিষয় ও ছাত্ররাজনীতি নিয়ে বক্তৃতা করেন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলিগ সভাপতি ও পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা, সহসভাপতি আবদুর রহিম চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী, যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষী পদ দাশ, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর। কেন্ত্রীয় ছাত্রলীগ নেতা উসিং হাই বাহাদুর রবিন, জেলা ছাত্রলীগ সভাপতি কাউছার সোহাগ, সাধারণ সম্পাদক জনি সুশীল।
এর আগে দীর্ঘদিন পর জেলা ছাত্রলীগের সম্মেলনকে কেন্দ্রকরে দুপুর থেকে বিভিন্ন উপজেলা-ইউনিয়ন থেকে মিছিলসহকারে রাজারমাঠে আসতে থাকে দলীয় নেতাকর্মীরা। অনুষ্ঠান শুরুর আগেই রাজারমাঠসহ আশপাশের এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এসময় নানা শ্লোগানে মুখরিত হয়ে উঠে জেলা শহর।
বার্ষিক সম্মেলনের প্রথমার্ধের আলোচনা সভা শেষে দ্বিতীয়ার্ধে নতুন কমিটি ঘোষনার কার্যক্রম হাতে নিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগে নেতারা।




