নিজস্ব প্রতিবেদক: হামলা, মামলা, গুম ও গুলি করে বিএনপি নেতা কর্মীদের নির্বিচারে হত্যা করে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলন বন্ধ করা যাবে না, কারণ এই আন্দোলনে বিএনপির সাথে ব্যাপক হারে দেশের জনগণ সম্পৃক্ত হয়ে গেছে। আজ সোমবার (১০ অক্ঠোবর) বিকাল ৩টায় নগরীর পাহাড়তলী সাগরিকা স্কয়ারের সামনে আগামী ১২ অক্টোবর বিএনপি ঘোষিত বিভাগীয় গণ সমাবেশে সফল করার লক্ষ্যে চট্টগ্রাম ১০ নির্বাচনী এলাকার আওতাধীন বিএনপি ও অংগসংগঠনের থানা ও ওয়ার্ড সমূহের যৌথ উদ্যোগে আয়োজিত বিশাল সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি বলেন, জাতীয় গ্রীড়ে বিদ্যুৎ বিপর্যয়ের মত আওয়ামীলীগ সরকারের বিপর্যয় হবে। এই বিপর্যয় থেকে তারা রক্ষা পাবে না। কারন জনগণ তাদের সাথে নেই। এই বিপর্যয় থেকে রক্ষার একমাত্র উপায় হচ্ছে অবিলম্বে পদত্যাগ করে ক্ষমতা থেকে সরে দাড়ানো।
আবদুল্লাহ আল নোমান বলেন, আওয়ামীলীগ সম্পূর্ণভাবে গণবিচ্ছিন্ন হয়ে গেছে। তারা পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে। পুলিশ ৭২ ঘন্টা নিরপেক্ষ আচরণ করলে আওয়ামীলীগের অস্তিত্বও খুঁজে পাওয়া যাবে না।
বিএনপির পক্ষে সারা দেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে উল্লেখ করে আবদুল্লাহ আল নোমান বলেন, বিএনপির সভা সমাবেশে লক্ষ লক্ষ মানুষের স্বত:স্ফুর্ত উপস্থিতি দেখে সরকারের মাথা খারাপ হয়ে গেছে। তিনি বলেন, গণআন্দোলন কখনো ব্যর্থ হয় না। গণআন্দোলনে জনগণ বিজয়ী হয় এবং স্বৈরাচারের পতন হয় এটাই ইতিহাসের শিক্ষা।
তিনি বলেন, চট্টগ্রাম হচ্ছে আন্দোলন সংগ্রামের সুতিকাগার। ১২ অক্টোবর চট্টগ্রামের গণসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে এবং এই সমাবেশের মাধ্যমে চট্টগ্রাম থেকে সরকার পতনের আন্দোলনে নতুন মাত্রা যোগ হবে। তিনি চট্টগ্রাম ১০, আসনের সকল থানা, ওয়ার্ড, ইউনিট, পাড়া ও মহল্লা থেকে মিছিল সহকারে সমাবেশে যোগদান করার জন্য দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর প্রতি আহবান জানান।
এছাড়াও চট্টগ্রাম-১০ আসনের অন্তর্গত ওয়ার্ড সমূহের সভাপতি ও সাধারণ সম্পাকবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন।
বিশেষ অতিথির বক্তব্যে মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, দলীয় সরকারের অধিনে কোন নির্বাচন বাংলাদেশে হতে দেয়া হবে না। এই সরকারের পতন ঘটিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে। ডাক্তার শাহাদাত হোসেন বলেন, ১২ অক্টোবর চট্টগ্রামের সমাবেশ থেকে স্বৈরাচার পতন আন্দোলনের সূচনা করা হবে। তিনি সবাইকে সমাবেশ সফল করার আহবান জানান।
আবুল হাশেম বক্কর বলেন, যে কোন মূল্যে চট্টগ্রামের সমাবেশ সফল করতে হবে। চট্টগ্রামের মাটি হচ্ছে খালেদা জিয়ার ঘাঁটি।
মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক এডভোকেট আবদুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডাক্তার শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইন, বিভাগীয় শ্রমিকদলের সভাপতি এ.এম. নাজিম উদ্দীন, মহানগর বিএনপি নেতা শামসুল আলম, এস.কে খোদা তোতন, এরশাদ উল্লাহ, আবদুল মান্নান, আহমেদুল আলম রাসেল, শেখ নুরুল্লাহ বাহার, মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন ডিপতি, হালিশহর থানা বিএনপির সভাপতি মোশারফ হোসেন ডিপ্টি, পাহাড়তলী থানা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়া, পাঁচলাইশ থানা বিএনপির আহবায়ক মামুনুল ইসলাম হুমায়ুন প্রমূখ।
Post Views: 342




