ঢাকা ব্যুরো: দুদককে রাজনৈতিক কারণে ব্যবহার করা হয়। দুদক আওয়ামী লীগ নেতাদের দুর্নীতিবিরোধী সনদ দেয় আর বিরোধীদলীয় নেতাদের হয়রানি করে। আজ বুধবার (৬ এপ্রিল), জাতীয় প্রেসক্লাবের এক আলোচনা সভায় বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন।
তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন একটা ভালো লন্ড্রি। এখানে আওয়ামী লীগের লোকেরা যাবে, আর পরিষ্কার-পরিচ্ছন্নতার একটা সার্টিফিকেট নিয়ে আসবে।
বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতীয় স্বার্থে নির্বাচনের পর জাতীয় সরকারের কথা বলেছেন। সরকারের পতন ঘটিয়ে এ জাতীয় সরকার করা হবে। বর্তমান পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে জনগণ সুশাসন চায়। আর এ সুশাসন নিশ্চিত করতে গেলে, দুর্নীতিকে নির্মূল করতে গেলে, অপশাসনকে রাষ্ট্রীয় যন্ত্র থেকে বিতাড়িত করতে হলে, জাতীয় ঐকমত্যে একটা জাতীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে।বেগম খালেদা জিয়া ও বিএনপি নেতাদের নিয়ে পুলিশের দুই কর্মকর্তার করা মন্তব্যের সমালোচনা করেন গয়েশ্বর চন্দ্র রায়। তিনি এই দুই পুলিশ কর্মকর্তাকে চাকরি ছেড়ে রাজনীতি করার পরামর্শ দেন।
তিনি বলেন, সত্য প্রতিষ্ঠার জন্য কোন অজুহাত থাকে না। কারণ ন্যায় প্রতিষ্ঠা করার যুদ্ধ, ধর্মীয় যুদ্ধের মতই একটা যুদ্ধ। সেই কারণেই বলছি আমাদের প্রতি মূহূর্তই এই ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবার জন্য মাঠে মাঠে, প্রান্তরে প্রান্তরে ঘুরে বেড়াতে হবে। মানুষের মনে আজকে যে ক্ষোভ, সেই ক্ষোভটাকে বিস্ফারণের মত রাজ পথে আনতে হবে।
নেতাকর্মীদের উদ্দেশ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, মন থেকে সকল চিন্তা বাদ দিয়ে দেশের স্বার্থের কথা বিবেচনা করে দেশটা বদলে দিতে পারলে জিয়াউর রহমানের বিএনপি প্রতিষ্ঠা স্বার্থক হবে এবং বিএনপি জনগণের মনে চিরস্থায়ী ভাবে থাকবে। কৃষি উপকরণের সীমাহীন মূল্যবৃদ্ধি ও সেচের পানির অভাবে কৃষকের আত্মহত্যার কারণ উদ্ঘাটন ও দায়ী ব্যক্তিদের বিচারের দাবিতে জাতীয়তাবাদী কৃষক দল এ প্রতিবাদ সভার আয়োজন করে।
কৃষক দলের সভাপতি হাসান জাফিরসহ অন্যদের মধ্যে ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
Post Views: 658




