নগর প্রতিবেদক: প্রকৌশলীদের অধিকার বিষয়ে আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের প্রতিনিধিদের সাথে গত বৃহস্পতিবার(১৮ জুন) চসিক কার্যালয়ে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন এর সৌজন্য সাক্ষাৎ করেছেন।
এসময়ে উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক খান মোঃ আমিনুর রহমান, কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রকৌশলী নুরুল আলম, ভাইস চেয়ারম্যান (ইএরসি) প্রকৌশলী মোঃ আবু জাফর, সহ সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, সিনিয়র সদস্য (অ্যাব, চট্টগ্রাম) প্রকৌশলী মোঃ আবুল বাশার, প্রকৌশলী কামরুল হাসান ও প্রমুখ। এছাড়াও চসিক পক্ষে উপস্থিত ছিলেন সচিব আশরাফুল আমিন, আইন কর্মকর্তা মহিউদ্দিন মুরাদ, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান সোহেল, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর), নির্বাহী প্রকৌশলী (পুর) ও গ্র্যাজুয়েট সহকারী প্রকৌশলী (পুর) গণ।
এই সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে তারা বিশদ আলোচনা করেন এবং জলাবদ্ধতা নিরসনসহ সার্বিক উন্নয়ন কর্মকান্ডে মেয়রের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
এছাড়াও আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের প্রতিনিধিগণ প্রকৌশলীদের অধিকার বিষয়েও কথা বলেন। চসিকে সাম্প্রতিক সময়ে অর্গানোগ্রাম বহির্ভুতভাবে ৬ জনকে উপ-সহকারী প্রকৌশলী পদ হতে সহকারী প্রকৌশলী পদে পদ না থাকা সত্ত্বেও পদোন্নতি প্রদান করা হয়। এছাড়াও গত ১৪ জুন সিনিয়রিটি ভঙ্গ করে ৪ জন বিএসসি ইঞ্জিনিয়ার থাকা সত্ত্বেও তাদেরকে বাদ দিয়ে ৯ম স্থানের জাহিদুর রশিদ ভুইয়াকে নির্বাহী প্রকৌশলী পদে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়।
এ ব্যাপারে আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের প্রতিনিধিগণ মেয়র মহোদয়কে এসবের কারণে কর্মরত বিএসসি ইঞ্জিনিয়ারদের মধ্যে সৃষ্ট অসন্তোষ এর ব্যাপারে অবহিত করেন।
মেয়র মহোদয় এ ব্যাপারে সচিব আশরাফুল আমিনকে জিজ্ঞেস করলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি। এ ব্যাপারে প্রধান প্রকৌশলী এর মতামত নেওয়া হয়েছে কিনা জানতে চাওয়া হলে তিনি না-সূচক উত্তর প্রদান করেন।
প্রকৌশলী দেলোয়ার হোসেন বলেন, এ ধারা বিগত ফ্যাসিস্ট আমলেও চলমান ছিল, কিন্তু বর্তমানে তা প্রকট আকার ধারণ করেছে।
এ প্রসঙ্গে মাননীয় মেয়র সাম্প্রতিক সময়ে প্রদানকৃত সকল বিধি-বহির্ভূত অতিরিক্ত দায়িত্ব বাতিল করা হবে মর্মে আশ্বাস দেন এবং পরবর্তীতে প্রকৌশল বিভাগের সকল অতিরিক্ত, চলতি দায়িত্ব প্রদানের ক্ষেত্রে প্রধান প্রকৌশলীর মতামত গ্রহণ করার নির্দেশনা প্রদান করেন।
উপস্থিত আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের প্রতিনিধিগণ পদোন্নতিযোগ্য নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) পদে কর্মরত বিএসসি ইঞ্জিনিয়ারদেরও পদোন্নতি/স্কেল প্রদানের জন্য অনুরোধ করেন।




