ঢাকা ব্যুরো: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে। কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এতে সরকারের সমালোচনাকারীরা চুপসে গেছেন। আজ মঙ্গলবার (০৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে জো বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন। সেই চিঠিতে তিনি (বাইডেন) বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিকে উন্নয়নশীল বিশ্বের জন্য উদাহরণ হিসেবে উল্লেখ করে ভূয়সী প্রশংসা করেছেন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র বিশ্বশান্তি রক্ষা, সন্ত্রাসবাদ দমন, রোহিঙ্গাদের সহায়তাদানসহ অনেকগুলো ক্ষেত্রে একযোগে কাজ করছে। চিঠিতে গত ৫০ বছরের মতো ভবিষ্যৎ ৫০ বছর এবং তারপরও দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলেও আশা প্রকাশ করেছেন জো বাইডেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে চমৎকার সম্পর্ক এবং ভবিষ্যতে তা আরও দৃঢ় হবে—এই চিঠির মাধ্যমে তা প্রমাণিত হয় বলে মনে করছেন হাছান মাহমুদ।
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র আমাদের উন্নয়ন সহযোগী। আমাদের উন্নয়ন অভিযাত্রায় যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এবং তাদের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার। ভবিষ্যতেও যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক ঘনিষ্ঠ হবে এবং দেশের অগ্রগতির ক্ষেত্রে এই সম্পর্ক গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’




