ঢাকা ব্যুরো: জাতীয় সরকারের প্রয়োজন আছে ও জাতীয় সরকার একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের পরেই গঠন করা হবে বলে জানিয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়। আজ মঙ্গলবার (৫ এপ্রিল), জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এলডিপি আয়োজিত ‘নিরপেক্ষ নির্বাচন এবং আলোচিত জাতীয় সরকার’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জাতীয় সরকারের যে আহ্বান তারেক রহমান করেছেন তা কিন্তু নির্বাচনের আগে নয়। আগে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন তারপর জাতীয় সরকারের মাধ্যমে দেশকে বিনির্মাণ করতে হবে। গণতন্ত্রের আন্দোলনকারী দল হিসেবে জাতীয় সরকারে সবাইকেই চান তারেক রহমান। কাউকে বিতাড়িত করা হবে না। পুলিশের আইজিপি বেনজীর আহমেদ এবং ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলামকে রাষ্ট্রীয় ইউনিফর্ম খুলে, পদত্যাগ করে রাজনীতি করতে বলেছেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে রাজনৈতিক মন্তব্য করায় এই আহ্বান জানান তিনি।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, পুলিশ কমিশনারের কথা শুনতাম, ভালোই লাগত। আইজিপি স্যারের বাড়ি গোপালগঞ্জ, সেটা না-হয় আলাদা কথা। আমি তাদের সবিনয়ে বলব, আপনাদের রাজনীতি নিয়ে ভাবনার, বক্তব্য দেয়ার, রাজনীতি করার ইচ্ছা থাকতেই পারে। ইউনির্ফম খুলে, পদত্যাগ করে মুজিব কোট পড়ে নেমে যান। কেউ কিছু বলবে না। কিন্তু রাষ্ট্রীয় ইউনির্ফম পরা অবস্থায়, আপনারা রাজনৈতিক বক্তব্য দিতে পারেন কিনা, তা আপনাদের সার্ভিস রুলসে আছে কিনা পড়ে দেখেন।
স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চেয়ে তিনি বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি এখন মৌলিক অধিকার হয়ে দাঁড়িয়েছে। স্বাধীনতা দিবসের এক আলোচনা সভায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি বক্তব্য দিয়েছেন। তিনি জাতিকে একটি আহ্বান করেছেন। নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন, তারপর জাতি ও দেশ বিনির্মাণে একটি জাতীয় সরকার গঠন করার কথা বলেছেন।
জাতীয় সরকারের কথা সবাই গুরুত্ব দিয়ে ভাবছেন মন্তব্য করে গয়েশ্বর চন্দ্র বলেন, বর্তমান সরকার জনগণ ও ভোটারদের সঙ্গে প্রতারণা করেছে, অর্থনীতিকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, সরকার মাথাপিছু গড় আয় বৃদ্ধির কথা বলছেন, কিন্তু একটি শিশু জন্মের পর কত টাকা মাথাপিছু ঋণ নিয়ে জন্মগ্রহণ করছে সে কথা বলা হচ্ছে না।
এলডিপি সভাপতি আব্দুল করিম আব্বাসীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও ছিলেন, এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমাতুল্লাহ প্রমুখ।
Post Views: 691




