দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে শুক্রবার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ২৯৯ জন রোগী।
পরিসংখ্যান অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১৬ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় (সিটি করপোরেশনের বাইরে) ২৭৪ জন, চট্টগ্রাম বিভাগে ২১৯ জন, বরিশাল বিভাগে ১৫৯ জন, খুলনা বিভাগে ১৪৭ জন, রাজশাহী বিভাগে ১১৩ জন, ময়মনসিংহ বিভাগে ১০০ জন, রংপুর বিভাগে ৩৮ জন এবং সিলেট বিভাগে ২ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক হাজার ২৯৬ জন।
চলতি অক্টোবর মাসের ২৩ দিনে ডেঙ্গুতে ১২৬ জনের মৃত্যু হয়েছে এবং মোট আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ১৮১ জনে পৌঁছেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ১৯ হাজার ৮০১ জন এবং মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭১ জনে।
চলতি বছরের মাসভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩ জন এবং সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখন পর্যন্ত ডেঙ্গু মোট আক্রান্তদের মধ্যে ৬২.১ শতাংশ পুরুষ এবং ৩৭.৯ শতাংশ নারী।




