ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দানু হাজী বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো ওই বাড়ির মো. শাহিনের মেয়ে মাহা (৬) এবং আব্দুল গনির মেয়ে তানহা (৬)। সম্পর্কে তারা আপন ফুফু ও ভাতিজি।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে শিশু দুটি বাড়ির পুকুরের ঘাটে গোসল করতে গিয়েছিল। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুরের পানিতে মাহার মরদেহ ভেসে উঠতে দেখেন স্বজনরা। এরপর তানহাকে খুঁজতে পরিবারের লোকজন পানিতে নামেন। তল্লাশির এক পর্যায়ে পুকুরের পানিতে গাছের ডালের সঙ্গে আটকে থাকা অবস্থায় তানহাকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর দ্রুত তাদের বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকে মৃত ঘোষণা করেন। স্বজনদের ধারণা, গোসল করার সময় পুকুরের ঘাট থেকে পা পিছলে তারা পানিতে পড়ে গিয়েছিল।
এই দুই শিশুর অকাল মৃত্যুতে পরিবার দুটিতে শোকের মাতম চলছে। একই বাড়ির দুই শিশুর প্রাণহানিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




