জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি মন্তব্য করেছেন যে, সরকারের প্রবর্তিত ফ্যামিলি কার্ড তালাক রোধে কার্যকর ভূমিকা রাখছে। শনিবার বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভায় তিনি এই অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মায়েদের শক্তিশালী করতে তাদের নামে এই ফ্যামিলি কার্ড দিয়েছেন, যার সুফল সরাসরি মায়েরাই ভোগ করছেন। চিফ হুইপ আরও বলেন, আগে দুই সন্তানসহ মায়েদের তালাক দেওয়ার যে প্রবণতা ছিল, এই কার্ডের কল্যাণে সেই সুযোগ আর নেই।
সভায় নূরুল ইসলাম মনি উপস্থিতিদের উদ্দেশে বলেন, এখন স্বামীদের ভাতের জন্য স্ত্রীদের কাছে আসতে হচ্ছে, যা তারেক রহমানের একটি অত্যন্ত কার্যকর উদ্যোগ। তিনি ভালো কাজগুলো বারবার মনে করিয়ে দেওয়ার জন্য উপস্থিত সবার প্রতি আহ্বান জানান। এছাড়া বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে তিনি অভিযোগ করেন যে, ভারতের আদানির কোম্পানির সঙ্গে করা চুক্তির অর্থের বিনিময়ে দেশে পাঁচটি বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা সম্ভব ছিল। বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার উদ্দেশ্যে একটি চক্র জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করেছিল বলেও তিনি দাবি করেন।
সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বার্তা অনুযায়ী বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই। ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই নীতিতেই দেশ পরিচালিত হচ্ছে বলে উল্লেখ করে তিনি দাবি করেন, গত দুই বছরে দেশে কোনো প্রতিমা বা মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেনি।
বরগুনার জেলা প্রশাসক কার্যালয়ের এই সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ, জেলা প্রশাসক তাসলিমা আক্তার, পুলিশ সুপার কুদরত খুদা এবং জেলা পরিষদ প্রশাসক ও বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লাসহ অন্যান্যরা।




